বছর শেষে ফের একবার দুর্ভোগ বাড়াল করোনা। এর নতুন স্ট্রেন নিয়ে রীতিমতো চিন্তিত রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানা গিয়েছে, করোনার এই নতুন স্ট্রেন তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক। এই সংক্রমণ থেকে যাতে শুরুতেই রাশ টানা যায়, এই বিষয়ে বিশেষ উদ্যোগী কেন্দ্র ও রাজ্য সরকার। এই কারণেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে। এই বিষয়ে সতর্ক করে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লব আগরওয়াল সমস্ত রাজ্য সচিবকে চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।
এদিকে, সংক্রমণ ঠেকাতে আগে ২৩শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে আগত সমস্ত বিমান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। তবে ইতিমধ্যেই যারা ভারতে এসেছেন, তাদের দেহেও এই ভাইরাসের উপস্থিতি থাকা কোনও অসম্ভব কিছু নয়।
এই কারণেই সম্প্রতিই যারা ব্রিটেন থেকে এ দেশে ফিরেছেন, তাদের জন্য কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এই নির্দেশিকায় বলা হয়েছে যে, যে সমস্ত ব্যক্তি অন্তত একমাস আগেও ব্রিটেন থেকে ফিরেছেন, তাদের উপরেও নজর রাখা জরুরি। এমনকি, যাদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল, তাদের উপরেও ফের নজরদারি প্রয়োজন।
আজ, বুধবারই রাজ্যে এক যুবকের দেহে করোনার নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। তাঁর সংস্পর্শে যারা এসেছেন, তাদের কন্টাক্ট ট্রেসিং-এর মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে তাদের উপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে। তাদের করোনা পরীক্ষাও করা হয়েছে। প্রয়োজনে, আবার তাদের পরীক্ষা করানো হতে পারে বলে জানা গিয়েছে। তাদের আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা চলছে।
আগেই বলা হয়েছিল, এমনকি ব্রিটেন স্বাস্থ্যমন্ত্রক থেকে দাবী করা হয়েছিল যে করোনার এই নতুন স্ট্রেন আগের চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক। এতে মৃত্যুর হার বেশি না হলেও এর সংক্রামক ক্ষমতা বেশি। এই কারণেই গোঁড়া থেকেই এই নতুন বিপদকে নিয়ন্ত্রণে আনার জন্য সচেষ্ট স্বাস্থ্য দফতর।





