নিশানায় শাসকদল! আহত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে তৃণমূলকে তোপ শুভেন্দুর

গতকাল শুভেন্দু অধিকারীর সভাতে যোগ দিতে যাওয়ার সময় আক্রান্ত হন বেশ কিছু বিজেপি কর্মী। তাদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি। আজ তাদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন শুভেন্দু নিজে। সেখানেই ফের একবার তৃণমূলকে প্রবল ভাষায় দাগেন শুভেন্দু।

বিজেপিতে যোগ দেওয়ার পর পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গার পাশাপাশি একাধিক জেলাতেও বিজেপির সভা ও র‍্যালি করেন শুভেন্দু। প্রত্যেক সভাতেই শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি। কিন্তু গতকাল মঙ্গলবার নন্দীগ্রামে তাঁর সভা ছিল সম্পূর্ণ অরাজনৈতিক। এদিনের রোড শো-তেও কোথাও দলের পতাকা দেখা যায়নি।

অভিযোগ উঠে, শুভেন্দুর এই সভায় যোগ দিতে আসার সময় চক্রবেড়িয়ার ভূতামোড়ে বেশ কিছু বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়। অভিযোগের নিশানায় রয়েছে তৃণমূল। বিজেপি কর্মীদের বাস ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে শাসকদলের দিকে। এই হামলায় গুরুতর আহত হন প্রায় ১৫ জন বিজেপি কর্মী। তাদের বেশ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদিন নন্দীগ্রাম সুওয়ার স্পেশ্যালিটি হাসপাতালে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন শুভেন্দু। তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এরপর তিনি যান তমলুক হাসপাতালে। সেখানেও চিকিৎসাধীন রয়েছেন কিছু বিজেপি কর্মী।

এদিন ফের একবার শাসকদলের প্রতি ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু। বলেন, “প্রত্যেকের নিজের ইচ্ছা মতো রাজনীতি ও ধর্ম পালন করার স্বাধীনতা রয়েছে। ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া যায় না। এখানেও প্রতিবাদের কোনও জায়গা নেই। ওরা আমাকে বাধা দিতে পারে না, মারতে পারে না। তাই নিরীহ কর্মীদের উপর হামলা করেছে”। গতকাল রাতে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো। তবে গতকালের এই হামলার প্রসঙ্গে শাসকদলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও অন্যান্য খবর