করোনা আতঙ্ক, বন্ধ থাকছে পেটিএমের অফিস

আতঙ্ক ক্রমশ বাড়ছে। ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে। স্কুল, অফিস সব জায়গাতেই আশঙ্কা তৈরি হচ্ছে। এরই মধ্যে পেটিএমের এক কর্মীর দেহে ধরা পড়েছে করোনা ভাইরাস। আর তার জেরেই বন্ধ করে দেওয়া হচ্ছে পেটিএমের দুটি গুরুত্বপূর্ণ অফিস।

ইতালি থেকে ফিরেছেন ওই কর্মী। তারপরই তাঁর দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। এরপর অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পেটিএমের ওই টিমের অন্যান্য কর্মীদের দ্রুত হেল্থ টেস্ট করানো হচ্ছে।

অন্তত দু’দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে গুরুগ্রাম ও নয়ডার অফিস। তাঁদের অফিস স্যানিটাইজ করার জন্য মূলত বন্ধ রাখা হচ্ছে। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, আপাতত কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে সংস্থার কাজকর্মে কোনও প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে পেটিএমের তরফে।

আক্রান্ত কর্মীর বয়স মাত্র ২৪ বছর। বর্তমানে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে এবং বর্তমানে তিনি বেঙ্গালুরুর গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন। পেটিএম কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার তাঁদের এক কর্মীর করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে।

অন্যদিকে এর মধ্যেই ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ জন। এর মধ্যে কেরলে আক্রান্তের সংখ্যা ৩। যাদের গত সপ্তাহেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং চলতি সপ্তাহে গোটা দেশে মোট ২৫ জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার খবর পাওয়া গিয়েছে। বুধবার সকালে একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সিং এই খবর জানিয়েছেন।

সারা বিশ্বে বুধবার পর্যন্ত, ৩ হাজার ১১৯ জন মারা গেছেন। বিশ্বজুড়ে ৯০ হাজার ৪৪১ জনেরও বেশি মানুষকে এই ভাইরাস সংক্রামিত করেছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর