ফের উৎসব ‘রাম জন্মভূমি’-তে! প্রজাতন্ত্র দিবসের দিনই ভিত্তিপ্রস্তর স্থাপন অযোধ্যার মসজিদের

সুপ্রিম কোর্টের রায়ের বিতর্কের মধ্যেই ফের নবরূপে সেজে উঠছে ‘রাম জন্মভূমি’। আগামী ২৬শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনই ভিত্তিপ্রস্তর স্থাপন হবে অযোধ্যার প্রস্তাবিত মসজিদের। এদিন জাতীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণের মাধ্যমে বহু প্রতীক্ষিত এই অনুষ্ঠান উদযাপন হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে অনুষ্ঠানের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড দ্বারা গঠিত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন।

আগামী ২৬শে জানুয়ারি সকাল ৮.৩০ মিনিটে এই মসজিদের ভিত্তি স্থাপন হবে। এই নিয়ে গতকাল রবিবার নয়টি ট্রাস্টি বোর্ড মিলে একটি বৈঠক করে। এই বৈঠকে বিদেশি বিনিয়োগকারীদের দেওয়া অর্থের ক্ষেত্রে আয়কর দফতরের ছাড়পত্র পাওয়া-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়।

অযোধ্যার রামমন্দির থেকে মসজিদের দূরত্ব ২৫ কিলোমিটার। করোনা পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সুসম্পন্ন হয় অযোধ্যার রামমন্দিরের ভিত্তিস্থাপন। এবার পালা প্রস্তাবিত মসজিদের। কিছুদিন আগেই সৌরশক্তিচালিত মসজিদের নকশা প্রকাশিত হয়। ৫ একর জমির তৈরি হবে মসজিদটি ও মসজিদের ঠিক পিছনেই তৈরি হবে ৩০০ শয্যার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। সেই হাসপাতালের নকশাও প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, মসজিদ চত্বরে থাকবে পার্কিং-এর ব্যবস্থা। থাকনবে কমিউনিটি কিচেন, মিউজিয়াম, গ্রন্থাগার, ইন্দো-ইসলামিক কালচারাল রিসার্চ সেন্টার ও প্রকাশনা সংস্থা। একসঙ্গে ২০০০ মানুষ নামাজ পড়তে পারবেন এই মসজিদে।

https://twitter.com/IndoIslamicCF/status/1340302534469013506

কর্তৃপক্ষের তরফ থেকে স্থির করা হয়েছে, ভিত্তিপ্রস্তরের দিন করা হবে বৃক্ষরোপণও। এই বিষয়ে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন তাদের প্রেস বিবৃতি জারি করে জানিয়েছে, মসজিদ নির্মাণের ক্ষেত্রে মানুষের স্বার্থে নানা প্রকল্পের কথা বলা হয়েছে। মানুষের স্বার্থেই এই বৃক্ষরোপণ, এমনটাই জানানো হয়েছে। এতে সমাজ পরিবেশ বাঁচানোর প্রতি আরও দায়বদ্ধ হবে। এরই সঙ্গে বৃক্ষরোপণের ফলে আবহাওয়া পরিবর্তনের বিষয়ে বার্তাও দেওয়া হবে সাধারণ মানুষকে। এইভাবে তাদের মধ্যে পরিবেশের বিষয়ে সচেতনতা গড়ে তোলা যাবে।

RELATED Articles