করোনার ধাক্কা; মন্দা গ্রাস করতে পারে বিশ্ব অর্থনীতিকে, বাদ যাবে না ভারতও

করোনা গ্রাসে আচ্ছন্ন গোটা জগত। একের পর এক বাতিল হচ্ছে বড় বড় ইভেন্ট।  বাতিল হচ্ছে একের পর এক উড়ান। ভয়ে মানুষ সারামাসের রেশন সংগ্রহ করে রাখছেন। বুধবারই ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমেরিকায় আসার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতালিতে বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় সব দোকান। ভারত ১৫ এপ্রিল পর্যন্ত নাকচ করে দিয়েছে সমস্ত বিদেশি ভিসা। টুইটার কোম্পানি তার কর্মীদের বলছে,  বাড়ি থেকে কাজ করুন। পণ্য ও মানুষের চলাচলে এতরকম নিষেধাজ্ঞা জারি হওয়ার ফলে প্রবল ক্ষতির মুখে বিশ্ববাণিজ্য। আশঙ্কা করা হচ্ছে, মহামারীর জেরে শীঘ্রই বিশ্ব অর্থনীতিতে ঘনিয়ে আসবে ভয়ানক বিপর্যয়। সৃষ্টি হবে ভয়াবহ মন্দা।

ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে নেমেছে ভয়াবহ ধস। বাদ যায়নি ভারতও। এদিন সেনসেক্স ও নিফটিতে নথিভুক্ত প্রতিটি শেয়ারেরই দাম কমেছে। সবচেয়ে বেশি যে শেয়ারগুলির দাম কমেছে, তার মধ্যে আছে বিপিসিএল, ইউপিএল, ইয়েস ব্যাঙ্ক, বেদান্ত এবং গেইল। সেনসেক্সের যে শেয়ারগুলির দাম কমেছে, তার মধ্যে আছে এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, টিসিএস এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। একদিনেই শেয়ার বাজার থেকে উধাও ১১ লক্ষ কোটি টাকা।

কয়েক দশক বাদে এই প্রথমবার চিনের অর্থনীতি তলানিতে। জাপান, জার্মানি, ফ্রান্স ও ইতালির অর্থনীতির বহরও কমতে শুরু করেছে। যদিও প্যাসিফিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান অর্থনৈতিক উপদেষ্টা জোয়াকিম ফেলসের মতে, ইউরোপ ও আমেরিকায় এখনই মন্দার সম্ভাবনা নেই।

আপাতত করোনা ভাইরাসের থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন দেশ যৌথভাবে খরচ করছে ১৩ হাজার কোটি ডলার। তবে ট্রাম্প প্রশাসন এখনও পর্যন্ত বড় কোনও পদক্ষেপ নেয়নি। জার্মানির চ্যান্সেলার এঞ্জেলা মার্কেল  মহামারী রুখতে খুব তাড়াতাড়ি কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন।

RELATED Articles

Leave a Comment