নির্বাচনের আগে শক্তি বাড়াচ্ছে গেরুয়া শিবির, বিরোধী দলের ৩ প্রাক্তন নেতা যোগ দিলেন বিজেপিতে

আগামী সপ্তাহেই রয়েছে দিল্লিতে পুরসভা নির্বাচন। এই নির্বাচন নিয়ে রাজধানীতে এখন উত্তেজনা তুঙ্গে। সমস্ত রাজনৈতিক দলগুলিই নিজের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করেছে। বিজেপির হয়ে দিল্লিতে নির্বাচনী প্রচারে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। আর এই নির্বাচনের আগেই দল ভারী হল গেরুয়া শিবিরের। গতকাল, মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন আম আদমি পার্টির তিন প্রাক্তন বিধায়ক। এদিন কেজরিওয়ালের দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা।

গতকাল, মঙ্গলবার দীন দয়াল উপাধ্যায় মার্গে বিজেপির জাতীয় কার্যালয়ে তিন প্রাক্তন আপ বিধায়ক যোগ দেন পদ্ম শিবিরে। এদিন দিল্লির ক্যানন্টমেন্টের দু’বারের প্রাক্তন বিধায়ক কম্যান্ডো (প্রাক্তন) সুরেন্দর সিং অভিযোগ করেন যে কেজরিওয়ালের দল টাকার বিনিময়ে পুরসভা নির্বাচনের সমস্ত টিকিট বিতরণ করেছে।

বলে রাখি, ২০২০ সালে কেজরিওয়ালের দল ত্যাগ করেন দু’বারের বিধায়ক সুরেন্দর সিং। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লি ক্যান্টনমেন্ট আসন থেকে তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট দেওয়া হয়নি। এরপরই আম আদমি পার্টি থেকে বেরিয়ে আসেন তিনি। বাকি যে দু’জন গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা হলেন রাজু ধিনগান ও চৌধুরী ফাতেহ সিং।

২০১৫ সালে চৌধুরী ফাতেহ সিং আপ ছেড়ে বেরিয়ে আসেন। বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিজেপিতে আসা মানে যেন ঘরে ফেরা। আর ত্রিলোকপুরীর প্রাক্তন আপ বিধায়ক ধিনগান অভিযোগ করেছেন, সাধারণ ভলান্টিয়াররা আপে সম্মান পান না। সেটা পুরসভা নির্বাচনের সময় টিকিট বিতরণের সময়ই বোঝা গিয়েছে।

এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল, বিজেপির দিল্লির সভাপতি আদেশ গুপ্ত ও দলের জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্রের উপস্থিতিতেই বিজেপিতে যোগ দেন এই আপ নেতারা। এদিন সম্বিৎ পাত্র বলেন, “আম আদমি পার্টি দুর্নীতিতে ডুবে গিয়েছে। তাদের নিজেদের নেতা ও কর্মীরা তাদের সমর্থন করছেন না। আম আদমি পার্টির দুর্নীতির প্রমাণ হল তাদের প্রাক্তন নেতারাই আজ বিজেপিতে যোগদান করছে”।

RELATED Articles