যত বেশি করোনা পরীক্ষা করা হবে তত মঙ্গল দেশের পক্ষে এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ এতে তাড়াতাড়ি করোনা রোগীর মোট সংখ্যা নির্ণয় করা যাবে বলে মত বিশেষজ্ঞদের। এর ফলে করোনা আক্রান্তের যে কার্ভ উঁচু দিকে দৌড়াচ্ছে তা খুব শিগগিরই নীচে নামানো যাবে বলে মত বিশেষজ্ঞদের। এখনো পর্যন্ত ভারতে মোট ১ কোটি ৬২ লক্ষ করোনা পরীক্ষা করা হয়েছে।
কেন্দ্রীয় সরকারও বিশেষজ্ঞদের মত অনুযায়ী সেই পথেই হাঁটতে চলেছে। রবিবারই করোনা পরীক্ষা করার জন্য তিনটি ল্যাব তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে। যার মধ্যে একটি হবে কলকাতায়। বাকি দুটি ল্যাবের জন্য বাছা হয়েছে নয়ডা ও মুম্বইকে। ২৭ জুলাই, সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাবগুলোর উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই ল্যাবগুলোর ভার্চুয়াল উদ্বোধনে তিন রাজ্যের তিন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে ও উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের অনলাইনে হাজির থাকার কথা রয়েছে।
কলকাতায় আইসিএমআর – ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস-এ ল্যাবরেটরির পরিকাঠামো তৈরি করা হচ্ছে। নয়ডায় আইসিএমআর – ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার প্রিভেনসন অ্যান্ড রিসার্চ এবং মুম্বইয়ে আইসিএমআর – ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন রিপ্রোডাক্টিভ হেলথে তৈরি হচ্ছে ল্যাবের পরিকাঠামো।কেন্দ্রীয় মন্ত্রক থেকে জানানো হয়েছে, ল্যাবগুলোতে দৈনিক ১০ হাজারেরও বেশি করোনা পরীক্ষা করা সম্ভব হবে।
কেন্দ্র আশা করছে যে এই তিনটি ল্যাব চালু হয়ে গেলে অনেক বেশি করে করোনা পরীক্ষা করা যাবে যাতে দেশের উপকার হবে।





