ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের পুরনো মন্তব্য পাল্টে এবার তিনি দাবি করলেন, “অপারেশন সিঁদুরে” মোট ৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। এর আগে তাঁর বক্তব্য ছিল ৭টি বিমান ভেঙে পড়েছিল। কিন্তু হঠাৎ এই সংখ্যা বৃদ্ধির পেছনে কী কারণ? নিজেই যুক্তি দিয়েছেন ট্রাম্প—একটি যুদ্ধবিমান আংশিক ক্ষতিগ্রস্ত হলেও পরে তা পরিত্যাগ করা হয়েছে, তাই সেটিকেও ধ্বংস বলে গণনা করা উচিত।
যদিও মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেননি কোন দেশের বিমান ধ্বংস হয়েছে, কিন্তু তাঁর এই নতুন মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে। কারণ, ভারতীয় বায়ুসেনা প্রধান আগেই জানিয়েছিলেন, পাকিস্তানের হ্যাঙ্গারে থাকা বেশ কয়েকটি যুদ্ধবিমান ভারতীয় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে প্রশ্ন উঠছে—ট্রাম্প কি সেই ঘটনাকেই ইঙ্গিত করছেন? নাকি তাঁর তথ্য এসেছে অন্য কোনও সূত্র থেকে?
উল্লেখ্য, এর আগে জুলাইয়ে ট্রাম্প বলেছিলেন, ভারত-পাক সংঘাতে ৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। আগস্টে সেই সংখ্যা বেড়ে ৭ হয়, আর এখন নভেম্বর মাসে সেটি দাঁড়াল ৮-এ। তাঁর বক্তব্যে একাধিকবার দেখা গিয়েছে বিভ্রান্তি, কিন্তু তিনি বরাবরই বলেছেন, সংঘাত যদি চলত, তা পারমাণবিক যুদ্ধের দিকে গড়াত। নিজের দাবি জোরালো করতে ট্রাম্প আরও বলেন, যুদ্ধ থামাতে তিনি নাকি ভারত ও পাকিস্তানকে ২৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। যদিও দিল্লি শুরু থেকেই জানিয়ে এসেছে—অপারেশন সিঁদুর চলাকালীন মোদী ও ট্রাম্পের মধ্যে কোনও ফোনালাপই হয়নি।
অপারেশন সিঁদুরের সূত্রপাত হয়েছিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর। ৬ মে গভীর রাতে ভারতীয় বাহিনী পাকিস্তানের ভিতরে থাকা ৯টি জঙ্গিঘাঁটিতে হামলা চালায়—বাহাওয়ালপুর, মুরিদকে-সহ একাধিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। প্রায় ১০০ জন জঙ্গি নিহত হয় বলে জানা গিয়েছিল। এরপর থেকেই পাকিস্তানের পাল্টা শেলিং শুরু হয়, যাতে ভারতের অন্তত ১৬ জন নাগরিক প্রাণ হারান।
আরও পড়ুনঃ Abhijit Gangopadhyay : “বিজেপি আদৌ তৃণমূলকে হারাতে চায়?” — বিস্ফোরক মন্তব্যে দলের অন্দরেই প্রশ্ন তুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়! গেরুয়া শিবিরে তীব্র অস্বস্তি!
ভারতীয় বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং জানিয়েছিলেন, সংঘাতের সময় ভারত ৬টি পাক বিমান ধ্বংস করেছিল—এর মধ্যে ছিল এফ-১৬ ও জেএফ-১৭ শ্রেণির জেট। পাকিস্তানের রাডার, হ্যাঙ্গার, কমান্ড সেন্টার ও রানওয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি ৩০০ কিলোমিটারের দূর থেকে একটি AEW&C বিমানও ধ্বংস করা হয়েছিল। ফলে ট্রাম্পের দাবি, সংখ্যাটি ৮ হওয়া, ভারতীয় পক্ষের বক্তব্যের সঙ্গেই কতটা মিল খুঁজে পাওয়া যায়, সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।





