রাজনীতির ময়দান আবারও সরগরম। এবার কেন্দ্রবিন্দুতে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা শাসক নয়, বরং নিজের দল বিজেপির অন্দরেই অস্বস্তির সঞ্চার ঘটিয়েছে। প্রশ্ন তুলেছেন সরাসরি— “বিজেপি আদৌ তৃণমূলকে হারাতে চায়?” এই বক্তব্যেই এখন সরগরম রাজ্য রাজনীতি।
অভিজিতের বক্তব্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের কার্যকলাপ দেখে তাঁর মনে হয়েছে, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি বদলানোর কোনও ইচ্ছাই নেই কেন্দ্রের। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় তিনি বলেন, “কেন্দ্রের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে, কেন্দ্র পশ্চিমবঙ্গের এই পরিস্থিতির বদল করতে চায় না। কেন পশ্চিমবঙ্গের মতো প্রশাসনহীন রাজ্যে ৩৫৫ ধারা জারি করা হবে না, এটা আমার কাছে বিরাট প্রশ্ন।” তাঁর এই মন্তব্যে কার্যত প্রশ্নের মুখে পড়েছে বিজেপির কৌশলই।
অভিজিৎ আরও জানান, তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন একটাই উদ্দেশ্যে— মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো। কিন্তু এতদিনেও সেই লক্ষ্য পূরণ হয়নি। তাঁর দাবি, “যে উদ্দেশ্যে আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম, সেটি আজও পূরণ হয়নি। এর দায় কেন্দ্রেরই।” রাজনৈতিক মহলের মতে, তাঁর এই বক্তব্য সরাসরি কেন্দ্রের নেতৃত্বের প্রতি হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ।
অভিজিৎ এখানেই থামেননি। তিনি ফের মুখ খোলেন বাংলায় হিন্দি বলয়ের নেতাদের প্রচারে নামানোর বিরুদ্ধেও। তাঁর মতে, “হিন্দি বলয়ের নেতারা বাংলার মানুষকে বোঝেন না। এখানকার মানসিকতা, জলহাওয়া, রাজনৈতিক ভাবনা— সবটাই আলাদা। বাইরে থেকে নেতা এনে ভোট জেতা অবাস্তব চিন্তাভাবনা।” এই মন্তব্যে কার্যত তিনি দলের কৌশলকেই প্রশ্নবিদ্ধ করেছেন, যা বিজেপি নেতৃত্বের কাছে নিঃসন্দেহে অস্বস্তিকর।
আরও পড়ুনঃ Bhangar: তৃণমূল বিধায়কের সভা ঘিরে বোমা কাণ্ডে তোলপাড় ভাঙড়! শওকত মোল্লাকে টার্গেট করে হামলা না কি নিজেদের গোষ্ঠীকলহে বিস্ফোরণ?
রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে— অভিজিতের এই মন্তব্য কি দলের প্রতি বিদ্রোহের ইঙ্গিত? একাংশের মতে, দলের ভিতরেই ক্ষোভ ও হতাশা বাড়ছে, আর এই মন্তব্য সেই আভ্যন্তরীণ অশান্তিরই প্রতিফলন। অন্যদিকে, তৃণমূল শিবিরে এখন উচ্ছ্বাস, কারণ বিজেপির অন্দরেই ফাটল বাড়ছে। সবমিলিয়ে, প্রাক্তন বিচারপতির এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে— বিজেপি কি সত্যিই তৃণমূলকে হারাতে চায়, নাকি শুধু দেখনদারি লড়াই চলছে গেরুয়া শিবিরে?





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!