Donald Trump Israel visit : ‘একদিন ঠিক নোবেল শান্তি পুরস্কার পাবেন’ – ট্রাম্পকে নিয়ে উচ্ছ্বাস নেতানিয়াহুর!

ইজরায়েলের আকাশ আজ যেন উল্লাসে ভরে উঠেছে। শহর, সংসদ, সব জায়গায় মানুষের মুখে যেন শুধুই আনন্দের ছাপ। আর এই আনন্দের কেন্দ্রবিন্দু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক বন্দিদের মুক্তিতে ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য দেশজুড়ে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

সোমবার ইজরায়েলের সংসদ কনেসেট-এ ট্রাম্পের আগমনে পুরো সংসদগৃহ ফেটে পড়ল হাততালিতে। ট্রাম্প মঞ্চে উঠতেই সকল সাংসদ দাঁড়িয়ে অভিবাদন জানালেন। প্রায় আড়াই মিনিট ধরে চলা এই অভ্যর্থনা দর্শকদের মধ্যেও উচ্ছ্বাস তৈরি করেছে। বিশেষভাবে নজর কাড়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের পাশে সব সময় থাকার দৃশ্য। সংসদজুড়ে ‘বিবি, বিবি, ট্রাম্প, ট্রাম্প’ ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে।

ট্রাম্পের সঙ্গে তার প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। জ্যারেড কুশনার, মার্কো রুবিও, পিট হেগসেথ ও মাইক হাকাবি-কে কনেসেটের স্পিকার আমির ওহানা একে একে পরিচয় করিয়ে দেন। সাংসদরা তাদের নাম ঘোষণা হওয়ার পরও উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান, যা ট্রাম্পের প্রতি তাদের সমর্থন ও কৃতজ্ঞতার প্রতিফলন।

এরপর বক্তব্যে নেতানিয়াহু বলেন, ‘৭ অক্টোবরের ভয়াবহ দিন আমরা কখনও ভুলব না। ওই হামলা আমাদের সন্তানদের কেড়ে নিয়েছিল। মিস্টার প্রেসিডেন্ট, আমরা একত্রে শান্তি ফিরিয়ে আনব।’ তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্পের সঙ্গে আগেও আব্রাহাম চুক্তির সময় সমন্বয় করে কাজ করেছেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নেতানিয়াহু ট্রাম্পকে ইজরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করেন।

আরও পড়ুনঃ Samik Bhattacharya : রাতারাতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শমীক ভট্টাচার্য, বললেন কী চিকিৎসকরা?

এর আগে নেতানিয়াহু একান্ত বৈঠকে ট্রাম্পকে উপহার হিসেবে দিয়েছেন একটি সোনার পায়রা, যা ‘গোল্ডেন পিস পিজন’ নামে পরিচিত এবং শান্তির প্রতীক হিসেবে বিবেচিত। নেতানিয়াহু বলেন, ‘একদিন ঠিক এই মানুষটি নোবেল শান্তি পুরস্কার পাবেন, হয়তো একটু দেরিতে, তবে একদিন নিশ্চিত।’ ট্রাম্পের এই সফরে ইজরায়েলের মানুষও খুশি, গাজা যুদ্ধবিরতি এবং বন্দিমুক্তির পর দেশে শান্তির বাতাস বইতে শুরু করেছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর