বিরাসলা এয়ারস্ট্রিপ চালু হওয়ার ৮ দিনের মাথাতেই ভেঙে পড়ল বিমান, মৃত ২

ওড়িশার বিরাসলা এয়ারস্ট্রিপে বিমান ভেঙে মৃত্যু হলো দুজনের। বিমানটি ওড়ার কিছুক্ষনের মধ্যেই ভেঙে পড়ে ওই প্রশিক্ষণের বিমানটি। দুর্ঘটনায় মারা যান প্রশিক্ষক পাইলট এবং প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট।

ধেনকেনালের পুলিশ সুপার অনুপমা জেমস এই দুর্ঘটনা সম্বন্ধে জানিয়েছেন, ‘সকাল সাড়ে ছ’টা নাগাদ গভর্নমেন্ট অ্যাভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউটের এফএ-১৫২ ভিটি-ইএনফ বিমানটি উড়েছিল। ওড়ার কিছুক্ষণ পরই সেটি ভেঙে পড়ল।’ পুলিশ সুপার বলেন, ‘মনে হচ্ছে বিমানটিতে কোনও ত্রুটি দেখা যায়। বিমানের ভিতরে ছিলেন প্রশিক্ষক পাইলট সঞ্জয় কুমার ঝা এবং প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট আনিস ফতিমা, দুজনেই ঘটনায় মারা যান। কামাখ্যানগরে সাব-ডিভিশনাল হাসপাতালে তাঁদের নিয়ে গেলে ডাক্তাররা তাদের মৃত বলে ঘোষণা করেন।’

মৃত সঞ্জয় ঝা ছিলেন বিহারের বাসিন্দা এবং মৃতা ফতিমা ছিলেন তামিনলাড়ুর বাসিন্দা।এরপর ময়নাতদন্তের জন্য তাঁদের দেহ পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ওড়িশার মোট ১৯ টি এয়ারস্ট্রিপের মধ্যে অন্যতম হল বিরাসলা। সেখানে বাণিজ্যিক উড়ানের পাইলটরা প্রশিক্ষণ প্রাপ্ত হন। লকডাউনের জেরে এতদিন এয়ারস্ট্রিপটি বন্ধ ছিল। গত ১লা জুন থেকে সেটি আবার চালু হয়। চালু হওয়ার আটদিনের মাথাতেই ঘটে গেল দুর্ঘটনাটি। সোমবারের আগে পর্যন্ত সেখানে ৯০ জন থাকতেন। তাঁদের মধ্যে ৩৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট ছিলেন।

আরও অন্যান্য খবর