করোনার জেরে বন্ধ হলো অ‍্যাপ ক‍্যাব সংস্থা উবের-এর অফিস! সমস‍্যা হবেনা যাত্রী পরিষেবায়!

করোনা ধাক্কায় আর্থিক ভাবে বিপর্যস্ত অ‍্যাপ ক‍্যাব সংস্থা উবের। লকডাউন পর্বে শুধুমাত্র
মে মাসে ভারতেই ৬০০ কর্মী ছাঁটাই করেছে সংস্থাটি। এবার উবের তাঁদের মুম্বই অফিস পাকাপাকিভাবে বন্ধ করে দিল। এই অফিসে কর্মরত কর্মীরা ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম করবেন বলে জানা গিয়েছে। আগামী বছর তাঁদের অন্য কোনও অফিসে সরানো হবে কিনা জানা যায়নি।

উবেরের মুখপাত্র এ নিয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু জানিয়েছেন মুম্বইয়ে তাঁদের গ্রাহকদের উচ্চমানের পরিষেবা দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।

করোনার প্রকোপে তৈরী হ‌ওয়া আন্তর্জাতিক মন্দার জেরে গোটা বিশ্বে ৬,৭০০ কর্মী ছাঁটাই করে উবের। ভারতেও বিভিন্ন ক্ষেত্রে তাঁরা এক চতুর্থাংশ কর্মী ছাঁটাই করে। কাস্টমার ও ড্রাইভার সাপোর্ট, বিজনেস ডেভলপমেন্ট, লিগ্যাল, ফিনান্স, পলিসি, মার্কেটিং ভার্টিক্যাল- প্রভাব পড়ে সব ক্ষেত্রে। এবার দেখা যাচ্ছে, কর্ম সংস্থান কমানোর পাশাপাশি তারা সম্পত্তি ও ভাড়া বা লিজ সংক্রান্ত খরচও কমাতে চাইছে। উবেরের সিইও দারা খোসরোশাহি জানিয়েছেন, করোনাভাইরাসের জেরে তাঁদের ব্যবসা যেভাবে মার খেয়েছে তাতে ১ বিলিয়ন মার্কিন ডলার খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

২০২০ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে উবেরের সর্ব মোট ক্ষতি হয়েছে ১৪ শতাংশ। মোট লোকসান বেড়ে হয়েছে ২.৯ বিলিয়ন ডলার। ২০১৯-এর প্রথম ত্রৈমাসিকে এই ক্ষতির পরিমাণ ছিল ১.১ বিলিয়ন ডলার, তার থেকে এক লাফে ১৬৩ শতাংশ ক্ষতি বেড়ে গিয়েছে।

ভারতে উবেরের সদর দফতর গুরুগ্রামে। এছাড়া বেঙ্গালুরু ও হায়দরাবাদে তাঁদের অফিসে বহু ইঞ্জিনিয়ার কর্মরত। এছাড়া বহু শহরে ছোট ছোট পার্টনার সাপোর্ট সেন্টার আছে। এই সব অফিসের জন‍্য তাঁদের কি ভাবনা তা এখন‌ও পরিষ্কার নয়।

RELATED Articles

Leave a Comment