উজ্জ্বলা প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলারা এবার বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেতে চলেছেন আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। বুধবার ইউনিয়ন ক্যাবিনেট সিদ্ধান্ত নেয় যে উজ্জ্বলা প্রকল্প এর অন্তর্ভুক্ত মহিলাদের বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহ করার সময়সীমা বাড়ানো হবে সেপ্টেম্বর মাস পর্যন্ত।
এর আগে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় ৮৩ লক্ষ মহিলাদের যাঁরা বিপিএল তালিকাভুক্ত তাঁদেরকে তিন মাসের জন্য বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত মাসে এই তিন মাসের সময়সীমা শেষ হয়ে গিয়েছিল। এই মানুষগুলোর চিন্তা ছিল যে সরকারের এই বিষয়ে নতুন করে কোন ব্যবস্থা নেবে কিনা। বুধবার তাঁদের সেই চিন্তাই দূর করল কেন্দ্রীয় সরকার।
পেট্রোলিয়াম মন্ত্রক থেকে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হয় এই সময়সীমা বাড়ানোর জন্য। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তে সায় দেয়। বুধবার পেট্রোলিয়াম মন্ত্রক জানায়, এই সিদ্ধান্তের ফলে এই প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলারা উপকৃত হবেন। যাদের ব্যাঙ্কে টাকা ঢুকে গিয়েছে কিন্তু সিলিন্ডার কিনতে পারেননি তারা এখন সেপ্টেম্বর পর্যন্ত গ্যাস সিলিন্ডার বিনামূল্যে নিতে পারবেন।
এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত যে বিনামূল্যে সরবরাহ করা হয়েছে এই প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলাদের তার জন্য কেন্দ্রীয় সরকার থেকে বরাদ্দ করা হয়েছিল ৯৭০৯.৮৬ কোটি টাকা এবং এই তিন মাসে প্রায় ১১.৯৭ কোটি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।
২০১৬ সালের ১লা মে শুরু হয় এই উজ্জ্বলা প্রকল্প। দেশের ৭১৫ টি জেলার দরিদ্র মহিলা ও শিশুদের উন্নতি সাধনের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নেয়। এই প্রকল্পের ফলে অনেক মানুষ উপকৃত হয়েছেন।





