চালু হবে গণপরিবহণ, শর্তাবলী প্রযোজ্য: কেন্দ্র

চালু হবে গণপরিবহন। তবে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রেখেই গাড়ি চালাতে হবে। বুধবার এমনই জানালেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি। এক্ষেত্রে কেন্দ্রের তরফে প্রয়োজনীয় গাইডলাইন তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

এদিন বাস অ্যান্ড কার অপারেটার্স কনফেডারেশন অফ ইন্ডিয়া’র সদস্যদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলাপ আলোচনা করছিলেন গড়কড়ি। তিনি এই ভিডিও কনফারেন্সে বলেন, ‘খুব তাড়াতাড়ি গণপরিবহণ শুরু হবে। সেক্ষেত্রে সরকারের তরফে সুস্পষ্ট গাইডলাইন থাকবে।’ 

শুধু তাই নয়, বাস ও গাড়ি চলাচল শুরু হওয়ার পরে সাধারণ মানুষ যাতে সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং হাত ধোয়া, স্যানিটাইজিং, মাস্ক পরা ইত্যাদি স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলেন, তার উপরে বিশেষ জোর দিয়েছেন তিনি।

দীর্ঘদিনের লকডাউনের ফলে বিপুল সংকটের মুখে পড়েছে দেশের যাত্রী পরিবহণ শিল্প ক্ষেত্র। কেন্দ্রের কাছে ত্রাণ প্যাকেজেরও দাবি করেছেন তারা। এই বিষয়ে গড়কড়ি জানান, সরকার পরিবহন শিল্পের সমস্যা সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত আছে। তাদের সমস্যার সমাধানে সরকার অবশ্যই ব্যবস্থা গ্রহণ করেছেন।

করোনা মহামারির ধাক্কায় সামগ্রিকভাবে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। গড়কড়ি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে তিনি প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। এই সমস্যার কোনো সমাধান সূত্র নিশ্চয়ই উঠে আসবে।

RELATED Articles

Leave a Comment