পুরসভায় ১৪ জন সদস্যের প্রশাসক বোর্ড গঠন করল রাজ্য, প্রশাসক হচ্ছেন ফিরহাদ হাকিমই

গতকাল অর্থাৎ মঙ্গলবার পুরসভায় মেয়রের কার্যকাল শেষ হওয়ার পর প্রশাসকের শাসন জারি হওয়ার ঘোষণা করা হয় রাজ্যের তরফে। সেখানে প্রশাসকের আসনে যে বর্তমান পুরসভার মেয়র, ফিরহাদ হাকিমই বসতে চলেছেন তাও চূড়ান্ত করা হয় এবং সঙ্গে স্থির হয় ১৪ জন সদস্যের একটি প্রশাসক বোর্ড গঠন করার হবে। সেই কথা মত আজ কলকাতা পুরসভায় ১৪ জন সদস্যের প্রশাসক বোর্ড গঠন করল রাজ্য। পূর্ব নির্ধারিত অনুযায়ী আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল নয়া বোর্ডে প্রশাসক হচ্ছেন ফিরহাদ হাকিম-ই। এছাড়া বোর্ডে রয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষও।

বৃহস্পতিবার ৭ মে কলকাতা পুরসভার মেয়র হিসেবে কার্যকাল শেষ হচ্ছে ফিরহাদ হাকিমের। তারপর শুক্রবার ৮ মে থেকে কলকাতা পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনিই। প্রসঙ্গত, কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথমবার প্রশাসক শাসন লাগু হচ্ছে। কলকাতা পুরসভার আইন অনুযায়ী, পুরসভায় প্রশাসক বসানো যায় না। কিন্তু করোনার জেরে বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে প্রশাসক ব্যতীত কোনো রাস্তা নেই।

প্রসঙ্গত করোনার এই পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বে এপ্রিল মাসে পুরভোটের সিন্ধান্ত নেওয়া হয়। কিন্তু মার্চ মাস থেকে দেশে করোনা সংক্রমন আটকাতে কেন্দ্রীয় সরকার তরফে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। এর ফলে সব দলেরই ভোটের প্রচারে সমস্যার সৃষ্টি হয়। এরই মাঝে ২৫শে মার্চ থেকে দেশজুড়ে দফায় দফায় লকডাউন শুরু হওয়ায় কলকাতা পুরসভার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এই পরিস্থিতিতে রিমুভ্যাল অফ ডিফিকাল্টিস অ্যাক্ট অনুযায়ী ফিরহাদ হাকিমকেই প্রশাসক করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

যদিও প্রশাসক হিসেবে ফিরহাদ হাকিমের নাম চূড়ান্ত হতেই সরকারকে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি মন্তব্য করেন, “এটা তো আগে থেকে ওদের ভাবা ছিল, যে ফিরহাদই পুরসভার মেয়র হবে। তাই ওরা পুরভোট পিছিয়েছে নানা অজুহাতে।এখন করোনার অজুহাতে প্রশাসক দেখাচ্ছে। ফিরহাদকে প্রশাসক করা খুব অন্যায় কাজ হচ্ছে। ওরা নিজেদের শাসন বজায় রাখতেই এসব করছে চায়।”

উল্লেখ্য, শুধু কলকাতা পুরসভার পাশাপাশি রাজ্যের আরও ৯৩টি পুরসভাতেও প্রশাসক বসাবে রাজ্য।

আরও অন্যান্য খবর