PM-CARES-এর টাকায় ৫০ হাজার ভেন্টিলেটর কেনা হয়েছে: রবিশঙ্কর প্রসাদ

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর উদ্যোগে যে PM CARES fund তৈরি হয়েছিল, আজ তাকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট। দেশে করোনার আগে যে কোনো বিপর্যয়ের মোকাবিলার জন্য জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিলের অৰ্থ ব্যবহার করা হত। তাই সেই তহবিলে PM CARES fund এর টাকা ট্রান্সফার করার জন্য জনস্বার্থ মামলাও করা হয়েছিল। কিন্তু আজ সেই আবেদনও খারিজ করেছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর এদিন রাহুল গান্ধীর বিরুদ্ধে টুইট করে বিজেপি জাতীয় সভাপতি জে পি নাড্ডা লেখেন, “সুপ্রিম কোর্টের এই রায় রাহুল গান্ধী ও এবং তার দলের বিরুদ্ধে এক কড়া জবাব।”

এছাড়া এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন, “দেশের করোনা মোকাবিলাকে দুর্বল করতে কোনও সুযোগই ছাড়ছেন না তিনি,”। এছাড়া তিনি আরও বলেন, পিএম কেয়ার্স তহবিল সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটি তহবিল। এখনো অবধি এনডিএ সরকারের বিরুদ্ধে একটিও দুর্নীতির অভিযোগ ওঠেনি।

করোনা মোকাবিলায় তৈরি এই পিএম কেয়ার্স তহবিল দেশের উপকারেই ব্যবহৃত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি রবিশঙ্কর এদিন এই তহবিলের একটি হিসেবও দেন। তিনি বলেন, এখনো অবধি মোট ৩,১০০ কোটি টাকা করোনা মোকাবিলায় ব্যবহৃত হয়েছে।
●যার মধ্যে ২,০০০ কোটি টাকা ভেন্টিলেটরের জন্য। এখনো অবধি পিএম কেয়ার্স থেকে            ৫০,০০০ ভেন্টিলেটর কেনা হয়েছে।
●১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য।
●এবং করোনা ভ্যাকসিনের গবেষণায় দেওয়া হয়েছে ১০০ কোটি টাকা।

অবশ্য এই রায়ের পর বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তাঁর বক্তব্য, ‘পিএম কেয়ার্স ফান্ড জনগণের টাকার তহবিল হলেও সেটি অস্বচ্ছ নিয়মে গড়ে উঠেছে। তাই এটি মোটেও দুর্নীতি বিহীন নয়।’

RELATED Articles

Leave a Comment