এ যেন রক্ষকই ভক্ষক! অভিযোগ না নিয়ে অভিযোগকারিণীর সামনেই হস্তমৈথুনে মত্ত থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার! উত্তরপ্রদেশের দেওরিয়ার এই ঘটনার ভিডিও এখন দেশজুড়ে ভাইরাল। এই ভিডিও সামনে আসার পর সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে সাসপেন্ডও করা হয়। কিন্তু ঘটনার এফআইআর দায়ের করতে পুলিশ সময় নিল চার দিন। যদিও অভিযুক্ত ওই পুলিশ অফিসার ভীষ্ম পাল সিং ঘটনার পর থেকেই পলাতক।
ঘটনাটি ঘটেছে দেওরিয়ার অন্তর্গত ভাটনি থানায়। অভিযোগকারী তরুণী জানিয়েছেন, আত্মীয়ের সঙ্গে জমির বিবাদ নিয়ে অভিযোগ জানাতে মা-এর সঙ্গে কমপক্ষে তিনবার তিনি ভাটনি থানায় গিয়েছিলেন। কিন্তু অভিযোগ নেওয়া তো দূর অস্ত, অভিযুক্ত অফিসার তাঁদের সামনে অশ্লীল আচরণ করেন। প্রথমে দুইবার তিনি এড়িয়ে যান। তৃতীয় বার তিনি ঠিক করেন, ওই অফিসারের মুখোশ সবার সামনে খুলতে হবে তাই গোটা ঘটনাটির ভিডিও রেকর্ডিং করেন। সেইমত গত ২২ জুন একই ঘটনার পুনরাবৃত্তি হলে ওই তরুণী গোটা ঘটনা ফোনে রেকর্ড করেন এবং উচ্চপদস্থ আধিকারিকদের দেখান। তার ভিত্তিতে ২৬ জুন ওই ভীষ্মকে সাসপেন্ড করা হয়। কিন্তু তখনও এফআইআর দায়ের হয়নি তাঁর বিরুদ্ধে। ওই ভিডিওটি ভাইরাল হতেই স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে গত ৩০শে জুন এফআইআর দায়ের করে পুলিশ।
ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৬৬ (সরকারি কর্মচারীর আইন অমান্য), ৩৫৪ এ (যৌন হেনস্থা) এবং ৫০৯ ধারায় (মহিলার শালীনতাকে অপমানের উদ্দেশ্যে কোনও কাজ) মামলা রুজু করা হয়েছে। দেওরিয়ার পুলিশ সুপার শ্রীপতি মিশ্র জানিয়েছেন, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একইসঙ্গে ওই পুলিশ অফিসারের খোঁজে সাহায্য করলে ২৫,০০০ টাকা পুরস্কারেরও ঘোষণা করা হয়েছে।





