নেপালের প্রধানমন্ত্রী এই মুহূর্তে তাঁর টলমল গদি সামলাতে ব্যস্ত। আর এদিকে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেল নেপালের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারি মন্ত্রিসভার আনা প্রস্তাব অনুমোদন দিয়েছেন।
আজ, বৃহস্পতিবার সকালে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি একটি জরুরি ক্যাবিনেট বৈঠক ডাকেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অধিবেশনের কাজ আপাতত মুলতুবি করা হবে। চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের পিছনে লেগেছিলেন এই ওলি। দেশভক্তির জিগির তুলেও বিশেষ লাভ হলোনা তাঁর।
আর এবার তার গদিই কম্পমান। এই যায় যায় অবস্থা। তাঁকে হটানোর জন্য উঠে পড়ে লেগেছেন দলে তাঁর বিরোধী গোষ্ঠী। যার নেতৃত্ব রয়েছেন পুষ্প কুমার দহল ওরফে প্রচন্ড। ভারত বিরোধী ধুয়ো তুলে নানান সিদ্ধান্ত নিলেও সেগুলির বিষয় নেপাল কমিউনিস্ট পার্টিকে কিছু জানাননি বলেই অভিযোগ ওলির বিরুদ্ধে।
বুধবার দলের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ১৮ জনের মধ্যে ১৭ জন সদস্যই নেপাল প্রধানমন্ত্রী ওলিকে চেয়ার ছাড়তে বলেছেন। গতকাল কিছুটা অসু্স্থ হয়ে হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি।সূত্রের খবর আজ জাতির উদ্দেশে বক্তব্য রাখতে পারেন কেপি শর্মা ওলি।





