দক্ষিণী ছবির জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানা আবারও নেটদুনিয়ায় ঝড় তুলেছেন। তবে এবার সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনের স্বামী স্ত্রী হিসেবে একটি বিজ্ঞাপনে একসঙ্গে ধরা দিয়েছেন তাঁরা। উদয়পুরের রাজকীয় প্রাসাদে কয়েক দিন আগেই সেরেছেন মালাবদল। এখনও হাতের মেহেন্দির রঙ ফিকে হয়নি, তার মধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন বিজ্ঞাপন। তাঁদের সহজ খুনসুটি আর সাবলীল রসায়ন দেখে অনুরাগীদের মনে একটাই কথা, এরা যেন একে অপরের জন্যই তৈরি।
বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ভেসে উঠছে গীতা গোবিন্দম ছবির স্মৃতি। সেই ছবিতেই প্রথম জুটি বেঁধে দর্শকের মন জিতেছিলেন বিজয় ও রশ্মিকা। পার্থক্য শুধু এতটুকু, তখন তাঁরা পর্দার প্রেমিক প্রেমিকা, আর এখন বাস্তব জীবনের দম্পতি। শুটিংয়ের সময়কার অভিজ্ঞতা শেয়ার করে রশ্মিকা লিখেছেন, সেটে দুজনেই দারুণ মজা করেছেন এবং একে অপরকে খ্যাপিয়েছেন। তাঁর কথায়, জীবনসঙ্গী হওয়ার আসল মানে বোধহয় এই সহজ আনন্দেই লুকিয়ে।
গত ২৬ ফেব্রুয়ারি তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে লাইকের বন্যা বয়ে যায়। রশ্মিকার পোস্ট করা বিয়ের ছবিতে ইতিমধ্যেই ২৬ মিলিয়নের বেশি লাইক পড়েছে বলে জানা গিয়েছে। এর আগে সর্বোচ্চ লাইক পাওয়া ভারতীয় পোস্ট ছিল বিরাট কোহলির টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ছবি, যেখানে লাইক ছিল প্রায় ২২ দশমিক ৮ মিলিয়ন। সেই রেকর্ডও পেরিয়ে গিয়েছেন এই তারকা দম্পতি, যা তাঁদের জনপ্রিয়তার প্রমাণ বহন করে।
এদিকে বিয়ের আরও কিছু অদেখা মুহূর্তও সামনে এসেছে। দেখা যাচ্ছে, সাবেকি পালকিতে চড়ে মণ্ডপে প্রবেশ করছেন রশ্মিকা, আর হাতে তলোয়ার নিয়ে রাজকীয় ভঙ্গিতে অপেক্ষা করছেন বিজয়। বিয়ের পর তাঁরা তিরুপতি মন্দিরে পুজো দিয়েছেন এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। প্রতিটি মুহূর্তই যেন পরিণত হয়েছে উৎসবে। অনুরাগীরা প্রতিটি ছবিতেই উচ্ছ্বাসে ভরিয়ে দিচ্ছেন মন্তব্যের ঘর।
আরও পড়ুনঃ “দেশে ফিরতে পারবো কিনা জানি না…” অনিশ্চয়তার ভারে কাঁপছে কণ্ঠ! উত্তপ্ত পশ্চিম এশিয়ার আঁচ এসে পৌঁছেছে হাজার মাইল দূরে, প্যারিসে গৃহবন্দি সন্দীপ্তা সেন! যু’দ্ধ পরিস্থিতিতে, কী অবস্থা সেখানের?
এখন অপেক্ষা হায়দ্রাবাদে তাঁদের গ্র্যান্ড রিসেপশনের। বিয়ের রেশ কাটতে না কাটতেই বিজ্ঞাপনে একসঙ্গে উপস্থিত হয়ে আবারও প্রমাণ করলেন, তাঁদের রসায়ন কেবল পর্দায় সীমাবদ্ধ নয়। প্রেম, বন্ধুত্ব আর পারস্পরিক বোঝাপড়ার মিশেলে গড়া এই সম্পর্ক এখন দক্ষিণী সিনেমার সবচেয়ে আলোচিত অধ্যায়। বিজয় ও রশ্মিকার নতুন জীবনের প্রতিটি পদক্ষেপেই তাই নজর রাখছে ভক্তমহল।





