উত্তর দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে সংঘর্ষের বলি বেড়ে দাঁড়াল ৯ জন। গুরু তেগ বাহাদুর হাসপাতালের সুপার সুনীল কুমার জানিয়েছেন, গতকাল হাসপাতালে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গোটা উত্তর-পূর্ব দিল্লিতেই ১৪৪ ধারা জারি রয়েছে। তা সত্ত্বেও লাগাতার সংঘর্ষ পরিস্থিতি তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। কেবলমাত্র মৌজপুর এলাকা থেকেই একাধিক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। দাঙ্গা পরিস্থিতির মধ্যে পড়ে জেকে-২৪ নামে এক সংবাদমাধ্যমের সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭
অন্যদিকে, কবীর নগর, খেজুরি খাস, অশোকনগর এলাকাতেও দফায়-দফায় সংঘর্ষের খবর মিলছে। পাথরবৃষ্টির পাশাপাশি, পেট্রোল বোমা ছোড়া হচ্ছে বলেও খবর। এই সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত মাত্রায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
সংবাদমাধ্যমের পাশাপাশি অগ্নিগর্ভ দিল্লির ছবি স্থানীয়দের তোলা মোবাইল ফুটেজের মাধ্যমেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত, কদমপুর বিজয় পার্ক এলাকার কুরেশি টাওয়ার ঘিরে ফেলার চেষ্টা করছে এক উন্মত্ত জনতা। ঘটনার একটি ভিডিয়ো ফুটেজও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে।





