করোনা যোদ্ধাদের জন্য প্লাজমা দান সম্বিত পাত্রের, মানুষকে সেবা করাই ব্রত, জানালেন টুইটে

এবার নিজের প্লাজমা দান করলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য এই মহান পদক্ষেপ নিলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র। গত মাসেই তিনি নিজে করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছিলেন। অন্যান্য আক্রান্ত মানুষরাও যাতে এই যুদ্ধে জয়লাভ করে সেইজন্য সোমবার বিজেপির প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৯ তম জন্মবার্ষিকীতে গুরুগ্রামের হাসপাতালে প্লাজমা দান করলেন সম্বিত।

তিনি করোনা আক্রান্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হন। সেই হাসপাতালেই আজ তিনি প্লাজমা দান করেন। পরে তিনি এই প্রসঙ্গে টুইটও করেন। টুইট বার্তায় তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি দলীয় কর্মীদের মানুষের সেবা করার মন্ত্র দিয়েছেন। এই মন্ত্র থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের সভাপতি জেপি নাড্ডার কাছে থেকে আর্শীবাদ নিয়ে আমি আজ প্লাজমা দান করলাম। যাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ও পরে সুস্থ হয়েছেন তাঁদের প্লাজমা দান করার অনুরোধ করব।”

সেই সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তাঁর বৈঠকের একটি ছবিও তিনি পোস্ট করেন। তিনি জানিয়েছেন যে, যেহেতু তিনি সদ্য এই ভাইরাসের কবল থেকে মুক্তি পেয়েছেন সেইজন্যেই তিনি প্লাজমা দানে আরও বেশি করে তৎপর হয়েছেন।

প্রসঙ্গত, মে মাসের মাঝামাঝি করোনায় আক্রান্ত হন সম্বিত। চিকিৎসার পর সুস্থ হয়ে জুন মাসে তিনি বাড়ি ফেরেন। তারপর টুইট করে তিনি ধন্যবাদ জানান সকলকে, “আপনাদের আর্শীবাদে আর প্রার্থনার জন্য আমি সুস্থ বাড়ি ফিরেছি।”

আরও অন্যান্য খবর