সাময়িক স্বস্তি দিয়ে ফের ভয়াবহ আকার ধারণ করছে করোনা। যার জেরে ফের ভয়ে কম্পমান ভারতবর্ষের আমজনতা। আবারও কি লকডাউন? গত বছরই এই শব্দের সঙ্গে বিশেষভাবে পরিচিত হয়েছে দেশের মানুষ। টের পেয়েছে ভয়াবহতা।
দেশের অন্যান্য প্রান্তের মতো দিল্লিতেও কঠিন হচ্ছে করোনা পরিস্থিতি। অবস্থা সামলাতে রাজধানীতে এবার সাপ্তাহিক কার্ফু জারি করা হতে পারে। আর এই নিয়ে আজই সম্ভবত ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আজ উপরাজ্যপালের সঙ্গে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তারপরই ঘোষণা করেন ১৭ই এপ্রিল থেকে সপ্তাহান্তে দিল্লিতে কার্ফু জারি হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার দিল্লিতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৮২ জন। গত ২৪ ঘণ্টায় একশো জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে রাজধানীতে।
এদিকে, দেশে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। মাত্র ১০ দিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় নজিরবিহীনভাবে করোনা আক্রান্তের সংখ্যা দু’ লাখ ছাড়াল। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দু’ লাখ ৭৩৯। মৃত্যু হয়েছে এক হাজার ৩৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ হাজার ৫২৮ জন।বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪। নিরিখে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৬ হাজার ১৭৩ থেকে ১৪ লাখ ৭১ হাজার ৪৭৭ এ পৌঁছতে কয়েকদিন মাত্র সময় নিয়েছে কোভিড। এই প্রথম একদিনে আক্রান্তের সংখ্যা দু লাখ অতিক্রম করল। যদিও এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ২৪ লাখ ২৯ হাজার ৫৬৪ জন।





