লকডাউনে পশ্চিমবঙ্গে ফিরতে না পেরে ৪৫০ বাঙালি তীর্থযাত্রীর রোষের মুখে বাংলার মুখ্যমন্ত্রী।

তীর্থ করতে গিয়ে লকডাউনে হরিদ্বারে আটকে পড়া ৪৫০ বাঙালি তীর্থযাত্রীরা বাড়ি ফিরতে না পেরে এখন মুখ‍্যমন্ত্রীকেই দুষছেন।

গত কয়েক দিন ধরে হরিদ্বারের বিষ্ণুঘাট গঙ্গাঘাট অঞ্চলে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন লকডাউনে প্রায় ৪০ দিন এই তীর্থক্ষেত্রে আটকে পড়া বাংলার তীর্থযাত্রীরা। নগর দায়রা বিচারপতির দফতরের মাধ্যমে নিজেদের দুরবস্থার কথা পশ্চিমবঙ্গ সরকার ও পর্যটন দফতরের কানে তোলার চেষ্টা করেছেন তাঁরা।

এ ছাড়া জেলা পর্যটন আধিকারিক সীমা নৌটিয়ালের মাধ্যমে নিজেদের রাজ্যে ফেরার জন্য একটি যৌথ আবেদনপত্রও বাংলার সরকারকে পাঠিয়েছেন বিচ্ছিন্ন হয়ে পড়া বাঙালিরা। কিন্তু এখনও পর্যন্ত কোনও সদুত্তর দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

হরিদ্বারে বিচ্ছিন্ন হয়ে পড়া ক্ষুব্ধ এক তীর্থযাত্রী জানিয়েছেন, ‘বাড়িতে ফেরার অনুমতি দিচ্ছেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার‌ই। ফলে আমরা এক রকম শরণার্থীর মতো জীবন যাপন করছি। যাতায়াতের খরচ দেওয়া দূরস্থান, আমরা নিজেরাই তা বহন করব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অবস্থা সম্পর্কে খবরই নেননি।’

স্থানীয় তহসিলদার আশিস ঘিলডিয়াল জানিয়েছেন, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার বিচ্ছিন্ন হয়ে পড়া রাজ্যবাসীকে প্রবেশের অনুমতি দেয়নি, সেই কারণে তাঁদের আর যেতে দেওয়া হয়নি হরিদ্বার থেকে।

RELATED Articles

Leave a Comment