প্রদেশ কংগ্রেসের (Pradesh Congress) সভাপতি সোমেন মিত্রের (Somen Mitra) মৃত্যুর পর রাজ্য কংগ্রেসের ভার কার হাতে উঠছে?
এই নিয়ে চলছে দীর্ঘ জল্পনা। চিন্তায় রয়েছে কংগ্রেস হাইকমান্ডও। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে করে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব আসতে পারে রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের (Pradip Bhattacharya) কাঁধেই। তবে শেষমূহুর্তে অন্য কোনও নামও উঠে আসতে পারে। বুধবার দিল্লি উড়ে গিয়েছেন প্রদীপবাবু। আর হয়ত দু-এক দিনের মধ্যেই এআইসিসির তরফে রাজ্য কংগ্রেস প্রধানের নাম ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে বেশ কিছু মহল থেকে অধীর চৌধুরীর (Adhir Chowdhury) নাম উঠলেও তাঁকে প্রদেশ কংগ্রেসের চেয়ে বরং সর্বভারতীয় ক্ষেত্রেই বেশি করে চাইছে কংগ্রেস। এমনটাই খবর দলীয় সূত্রে। কিন্তু এতজন নেতা সত্ত্বেও কেনও প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya)?
কংগ্রেস সূত্রে খবর, অধীর চৌধুরীই এখন সংসদে বিরোধী দলনেতা। কংগ্রেসের হয়ে বিজেপি (BJP) সরকারের প্রবল বিরোধিতা করার দায়িত্ব একা তাঁরই হাতে। আর তাই তাঁকে আপাতত রাজ্য কংগ্রেসে আনতে চাইছে না শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি, দলে প্রদীপ ভট্টাচার্যের গ্রহণযোগ্যতার বিষয়টিকেও মাথায় রাখা হচ্ছে। রাজ্যে তৃণমূলের (TMC) সঙ্গে লড়াই করার জন্য বামেদের সঙ্গে কংগ্রেসের জোট করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদীপবাবু নিতে পারবেন বলে মনে করা হচ্ছে।





