ভাইপোর প্রেমেতে মজে কুপোকাত পিসি! ভাইপোকে বিয়ে করতে নিলেন চরম পদক্ষেপ

ভাইপোর বিয়ের ঠিক হয়ে গিয়েছে শুনেই যেন কেমন মুষড়ে পড়েছিলেন পিসি। তিনি চেয়েছিলেন ভাইপো তাঁকে বিয়ে করুক। কিন্তু তেমনটা না হওয়ায় চরম পদক্ষেপ নিলেন বছর ৬০-এর পিসি। তাঁর সঙ্গে বিয়ে হওয়ার ভুয়ো নথিপত্র তৈরি করে বিয়ে ভেঙে দিলেন ৪২ বছরের ভাইপোর। এই ঘটনায় ওই মহিলা ও তাঁর সন্তানদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। ঘটনার কথা সামনে আসতেই বেশ হইচই পড়েছে এলাকায়।

জানা গিয়েছে, ওই মহিলার নাম শাবানা। অভিযোগ, সম্পত্তি হাতানোর জন্যই এই ষড়যন্ত্র করা হয়েছিল। শাবানা নামক ওই মহিলা বিয়ের জন্য ভাইপো আসিফের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছিল। আসিফ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। শাবানার সন্তানদের সমান বয়স তাঁর। পুলিশ সূত্রে খবর, আসিফ শাবানার সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

এই ঘটনায় আসিফের আইনজীবী জানান, গত বছর ২৮শে ডিসেম্বর তাঁর মক্কেলের বিয়ে ঠিক হয়। সেই অনুযায়ী আমন্ত্রণপত্রও ছাপানো হয়েছিল। অভিযোগ, আসিফের বিয়ে ঠিক হওয়ার খবর পেয়েই শাবানা একটি ভুয়ো ‘নিকাহনামা’ তৈরি করেন। আর তা পাঠিয়ে দেন আসিফের হবু শ্বশুরবাড়িতে। এর ফলে ভেঙে যায় আসিফের বিয়ে। এই ঘটনায় শাবানা এবং তার দুই সন্তান দানিশ, আসরাব ও মেয়ে রুহির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

জানা গিয়েছে, আসিফের বিয়ে ভাঙার জন্য গত ২২শে ডিসেম্বর একটি ভুয়ো নিকাহনামা তৈরি করে তা আসিফের হবু শ্বশুরবাড়িতে পাঠান শাবানা। সূত্রের খবর, কয়েক বছর আগে প্রয়াত হন শাবানার স্বামী। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রত্যেক সন্তানই বিবাহিত। শাবানা আসিফের হবু শ্বশুরবাড়িতে গিয়ে হুমকিও দিয়েছেন বলে অভিযোগ।

জানা গিয়েছে, আসিফের সম্পত্তির দিকে নজর ছিল শাবানার। সেই কারণেই এমন ষড়যন্ত্র করেন তিনি। এই ঘটনায় শাবানা ও তাঁর সন্তানদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের উপর ভিত্তি করেই তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও অন্যান্য খবর