সামনেই রাখিবন্ধন। আর এই উৎসবকে লক্ষ্য করেই এবার বড় এক ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন যে এই উৎসব চলাকালীন ৪৮ ঘণ্টার জন্য মহিলারা বাসে চাপলে, তার জন্য কোনও ভাড়া দিতে হবে না তাদের।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে আগামী ১০ই আগস্ট রাত ১২টা থেকে ১২ আগস্ট রাত ১২টা পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। তবে এই ধরনের ঘোষণা এই প্রথম নয়। প্রতি বছরই ২৪ ঘণ্টার জন্য এই ছাড় দেয় যোগী সরকার। তবে এবার সময়সীমা বাড়িয়ে ২ দিন করার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। আসলে এবছর মোদী সরকার স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে দেশজুড়ে অমৃত মহোৎসব পালন করছে। আর তাই যোগীজির রাজ্যে এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, উত্তরাখণ্ড সরকারও একই ঘোষণা করেছে।
জানা গিয়েছে, আগামী ১০ থেকে ১২ই আগস্ট দিল্লি থেকে শুরু করে বরেলি, আগ্রা, লখনউ, গোরক্ষপুর, প্রয়াগরাজ, সাহারাণপুর, কানপুর, বারাণসী, মীরাটের মতো শহরে চলবে অতিরিক্ত বাসও। অতিরিক্ত বাস পরিষেবা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে যোগী সরকারের তরফে।
এই সরকারি নির্দেশের পরই তা পালনের জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে পরিবহণ দফতরের তরফে। সমস্ত রোডওয়েজ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে রাখিবন্ধন উপলক্ষ্যে অবিলম্বে বিশেষ আয়োজন করা হয়। বাসগুলি ভালোভাবে পরিষ্কার করা তো বটেই, এর পাশাপাশি মহিলা যাত্রীদের যাতে কোনও অভিযোগ না আসে, সেদিকেও ভালোভাবে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বলে রাখি, ভাইবোনের সম্পর্ক অটুট প্রতীক হিসেবে প্রতি বছর গোটা দেশজুড়ে পালন করা হয় রাখিবন্ধন উৎসব। তবে উত্তর ভারতে এই উৎসব বেশিই জনপ্রিয়। সেই কথা মাথায় রেখেই প্রতি বছরই যোগী সরকার রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে নানান ঘোষণা করে থাকেন। তবে এই বছর সেই সময়সীমা একটু বাড়ানো হয়েছে।





