ক্রমেই ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

জুন-জুলাই কেটে আগস্টের প্রথম সপ্তাহও কেটে গেল। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কমল না। বর্ষার দেখা নেই দক্ষিণের জেলাগুলিতে। তবে এই চলতি সপ্তাহেই বানভাসি হতে চলেছে দক্ষিণবঙ্গ, আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনটাই পূর্বাভাস মিলল। শুধুমাত্র বৃষ্টিই নয়, এর সঙ্গে বইবে ঝড়ও। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার জেরেই দক্ষিণবঙ্গে এই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমেই ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এর জেরেই দক্ষিণবঙ্গে আগামী ৮ থেকে ১১ই আগস্ট পর্যন্ত অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের তরফে। এর জেরে উত্তাল হতে চলেছে সমুদ্র। এই আবহে মৎস্যজীবীদের ৮ই অগস্ট থেকেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের আজ, রবিবার বিকেলের মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, রবিবার থেকেই নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে আগামী মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হবে। বুধবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। আজ, রবিবার দিনভর কলকাতার আকাশ মেঘলাই থাকবে। হালকা বৃষ্টিও হতে পারে।

এদিকে ভারী বর্ষণে বৃষ্টির ঘাটতি কিছুটা পূরণ হবে বলে আশা করা যাচ্ছে। তবে এই বৃষ্টির কারণে কৃষিকাজের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছেই। আজ, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ আজও ৯০ শতাংশের আশেপাশে থাকতে পারে বলে খবর।

RELATED Articles