‘গত পাঁচ বছরে উত্তরপ্রদেশে একটাও দাঙ্গা হয়নি, উত্তরপ্রদেশ সাম্প্রদায়িক হিংসা মুক্ত’, দাবী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সম্পূর্ণ দাঙ্গা মুক্ত। গত পাঁচ বছরে উত্তরপ্রদেশে কোনও দাঙ্গার ঘটনা ঘটেনি। গত শনিবার বিজনৌরে একটি সভা মঞ্চ থেকে এমনটাই দাবী করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি আরও দাবী করে বলেন যে উত্তরপ্রদেশই হল বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের জায়গা।

গত শনিবার বিজনৌরে ২৬৭ কোটি টাকার একটি প্রকল্পের সূচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সূচনা মঞ্চ থেকে তিনি দাবী করেন, “রাজ্যে গত পাঁচ বছরে একটাও দাঙ্গার ঘটনা ঘটেনি। উত্তরপ্রদেশে প্রচুর কাজ ও বিনিয়োগের সুযোগ এসেছে। এছাড়াও রাজ্য জুড়ে তৈরি হচ্ছে হাইওয়ে ও এক্সপ্রেসওয়ে”। এর পাশাপাশি তিনি এও বলেন যে কোনও শিল্পপতি বা উদ্যোগপতি তাঁর রাজ্যে হুমকির মুখোমুখি হলে তা তিনি বরদাস্ত করবেন না।

এনসিআরবি-র রিপোর্ট উল্লেখ করে এদিন যোগী দাবী করেন যে তাঁর শাসনকালে উত্তরপ্রদেশে কোনও দাঙ্গার ঘটনা ঘটেনি। মানুষের উন্নতির জন্য কাজ করেছে যোগী সরকার। তিনি এও জানান যে তাঁর সরকার প্রত্যেক জেলায় মেডিক্যাল কলেজ তৈরি করার কাজ করেছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রেও উত্তরপ্রদেশ অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই এগিয়ে বলে দাবী করেন যোগীজি।

তবে যোগী আদিত্যনাথ যতই উত্তরপ্রদেশ সম্পর্কে এই ধরণের তুলনা টানুন না কেন, সাম্প্রতিক এনসিআরবি রিপোর্ট কিন্তু বলছে অন্য কথাই। তসদের রিপোর্ট অনুযায়ী, জাতিগত, ধর্মীয় ও জন্মস্থানের ভিত্তিতে পরিচিত গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধের দিক দিয়ে কিন্তু গোটা দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশ। যোগী সরকারের শাসনকালে এই ধরণের ঘটনায় গ্রেফতারির ঘটনায় সবথেকে বেশি বলেই জানা যাচ্ছে।

RELATED Articles