গত মার্চেও সংখ্যাটা ছিল ১৩৫। তবে সাত মাসের মাথায় তা এসে দাঁড়িয়েছে ১৬৬-তে। এটাই হল উত্তরপ্রদেশে পুলিশি এনকাউন্টারে খতম হওয়া অপরাধীদের সংখ্যা।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন যে এই অপারেশন জারি থাকবে। গত ২০১৭ সালে উত্তরপ্রদেশে ক্ষমতায় এসে জিরো টলারেন্স নীতি চালু করে যোগী সরকার। সেই বছরের মার্চ থেকে এই বছরের চলতি মাস পর্যন্ত পুলিশি এনকাউন্টারে শেষ হয়েছে ১৬৬ জন দুষ্কৃতী। এর মধ্যে গত সাত মাসে নিহত হয়েছে ৩৬ জন। ওয়াকিবহাল মহলের মতে, কোনও সেনা, আধা সেনা বা রাজ্য পুলিশে এমন নজির নেই।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংঘর্ষে মৃত্যু দাবী করলেও মানবাধিকার গোষ্ঠী সংগঠনগুলির দাবী, অনেক ক্ষেত্রেই ভুয়ো সংঘর্ষের নাটক সাজিয়ে ঠান্ডা মাথায় খুন করছে পুলিশ। অর্থাৎ বিচার বহির্ভূত হত্যা।
তবে সেই দাবী অবশ্য উড়িয়ে দিয়েছেন যোগীজি। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে আহত হয়েছে ৪,৪৫৬ জন অপরাধী। ১৩ জন পুলিশ কর্মীও নিহত হয়েছেন। পুলিশের ১৩৩৬ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
গতকাল পুলিশ দিবস উপলক্ষ্যে লখনউতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি জানান যে মাফিয়া নিয়ন্ত্রণ আইনের জেরে এখনও পর্যন্ত ৫৯ হাজার অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৪,৪৪০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান তিনি।





