মন্দিরে মন্দিরে চলবে প্রার্থনা, বেজে উঠবে ঘণ্টা, রাস্তাঘাট ছেয়ে যাবে পোস্টার-ব্যানারে, যোগীর ঐতিহাসিক শপথগ্রহণের সাক্ষী থাকবে উত্তরপ্রদেশবাসী

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার উত্তরপ্রদেশে ক্ষমতায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরপর একই সরকার ক্ষমতায় এসেছে উত্তরপ্রদেশে, যা সে রাজ্যের ইতিহাসে প্রথম। তাই যোগীর দ্বিতীয়বার শপথ গ্রহণের অনুষ্ঠানকে ঐতিহাসিক করে তোলার কোনও কসুর বাদ রাখছে না গেরুয়া শিবির।

আগামী ২৫শে মার্চ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন যোগী আদিত্যনাথ। তাঁর এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে আরও বেশি যাতে জাঁকজমকপূর্ণ করে তোলা হয়, সেই চেষ্টাতেই রয়েছেন বিজেপি নেতৃত্বরা।

এই অনুষ্ঠান নিয়ে উত্তরপ্রদেশের বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গোবিন্দ নারায়ণ শুক্লা একটি নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সমস্ত জেলা, বিভাগ ও ক্ষমতায় থাকা বিজেপি নেতা ও কর্মীদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

শুধু তাই-ই নয়, এই নির্দেশিকায় বলা হয়েছে যে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন এলাকার বিজেপি নেতা-কর্মীরা নিজেদের এলাকার মন্দিরে পুজো দেবেন। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মন্দিরে হবে প্রার্থনা। যোগীজি যখন শপথ নেবেন, সেই সময় সমস্ত মন্দিরে বেজে উঠবে ঘণ্টা। বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠির কথায়, “ভারতীয় হিন্দু সনাতন ঐতিহ্যে যে কোনও শুভ অনুষ্ঠানের আগেই পুজো করা হয়। আর এখানে যোগী আদিত্যনাথের শপথ গ্রহণের মতন বিরাট ব্যাপার”।

এছাড়াও, নির্দেশিকায় স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে শপথ গ্রহণ ও যোগী আদিত্যনাথের পোস্টার ও হোর্ডিংয়ে ঢেকে ফেলা হবে রাজ্যের নানান প্রান্ত। বাজার থেকে শুরু করে সমস্ত রাস্তাঘাট মুড়ে দেওয়া হবে পোস্টার ও ব্যানারে। কারোর যাতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌঁছতে সমস্যা না হয়, সেদিকেও পূর্ণ লক্ষ্য রাখা হবে দলের তরফে।

বলে রাখি, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে চার রাজ্যেই উঠেছে গেরুয়া ঝড়। এটা বিজেপির জন্য বড় সাফল্য তো বটেই। এই কারণে বেশ জাঁক করেই উদযাপন করা হবে যোগী আদিত্যনাথের শপথ গ্রহণ অনুষ্ঠান।

RELATED Articles