সন্ধ্যে ৭টার পর আর কাজ করানো যাবে না কোনও মহিলাকে (working women)। আর যদি কাজ করাতেও হয়, তাহলে ওই মহিলার অনুমতি পত্র নিতে হবে সংস্থাকে। মহিলাদের কর্মক্ষেত্রের জন্য নতুন নির্দেশিকা জারি করলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সন্ধ্যে ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত মহিলাদের কাজ না করানোর নির্দেশিকা জারি করা হল যোগী সরকারের তরফে।
যোগী সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনও মহিলাকে যদি সন্ধে ৭টার পর বা সকাল ৬টার আগে কাজ করানো হয়, সেক্ষেত্রে তাঁদের কাছে লিখিত অনুমতি নিতে হবে। শুধুমাত্র অফিসে নয়, ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রেও এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। নির্দেশিকায় এও বলা হয়েছে যে মহিলা কর্মীরা কোনও সংস্থায় সন্ধে ৭টার পর কাজ করার লিখিত অনুমতি দিলেও তাদের জন্য বিশেষ কিছু নিয়ম তৈরি করতে হবে।
যোগী সরকারের নির্দেশিকায় বলা হয়েছে যে রাতে মহিলাদের কাজ করানোর ক্ষেত্রে লিখিত অনুমতি যদি থেকেও থাকে, তাহলেও অন্তত ৪ জন মহিলাকে রাখতে হবে। আর নাইট ডিউটি চলাকালীন মহিলা কর্মীদের জন্য খাবার ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে বলেও এই নির্দেশিকায় জানানো হয়েছে।
শুধু তাই-ই নয়, মহিলাদের জন্য উপযুক্ত ওয়াশরুম ও চেঞ্জিং রুমের ব্যবস্থা করা খুব প্রয়োজন। সব সংস্থাকেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে মহিলাদের নিরাপত্তার জন্য আলাদা কমিটি গঠন করা হয়। সন্ধ্যে ৭টার পর যদি কোনও মহিলা কাজ করেন, তাহলে সেক্ষেত্রে তাঁর বাড়ি ফেরার জন্য সংস্থাকেই বিনামূল্যে ক্যাবের ব্যবস্থা করে দিতে হবে।
এর আগেই উত্তর প্রদেশে বিজেপি সরকারের তরফে নারী ক্ষমতায়নের জন্য ৭৫.৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। অনলাইনে প্রতারণা ও হেনস্থার মতো অপরাধের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় জেলা স্তরেও সাইবার সাপোর্ট ডেস্ক তৈরি করার চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়া মিশন শক্তির অধীনেও মহিলা সুরক্ষা ও ক্ষমতায়নের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
তবে যোগী সরকারের এই নির্দেশিকা নিয়ে মহিলা মহলে বেশ প্রশংসা করা হলেও, এই নিয়ে আবার নানান জল্পনাও শুরু হয়েছে। কিছু নারীবাদীদের মতে, এমনটা করে মহিলাদের কর্মক্ষেত্রকে আরও সংকুচিত করে দেওয়া হচ্ছে। এমনটা হলে অনেক সংস্থাই মহিলাদের চাকরি দেওয়ার আগে দু’বার ভাববেন। আর তেমনটা হলে মহিলাদেরই কর্মক্ষেত্রে সুযোগ কমবে।





