প্রিয় শিল্পীর মৃত্যুর শোক কাটানো কখনও সহজ নয়। দেখতে দেখতে কেটে গিয়েছে ছয়টি মাস, তবুও জনপ্রিয় গায়ক জুবিন গার্গ (Zubeen Garg) এর আকস্মিক চলে যাওয়া আজও মানতে পারেননি তাঁর অনুরাগীরা। গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি দুর্ঘটনার পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেই ঘটনার পর থেকে তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন এবং জল্পনা আজও থামেনি। এরই মাঝে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তাঁর স্ত্রী গরিমা শইকীয়া (Garima Saikia)। তিনি জানিয়েছেন, জীবনের শেষ কয়েক বছরে জ়ুবিন এমন একটি বিষয়কে ভয় পেতেন, যা শুনলে আজও শিউরে ওঠেন তিনি।
সাক্ষাৎকারে গরিমাকে জিজ্ঞেস করা হয়েছিল, জীবনে কোনও কিছু কি জ়ুবিনকে ভয় দেখাতে পারত? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাধারণত জ়ুবিন কোনও কিছুকেই ভয় পেতেন না। মঞ্চে হোক বা ব্যক্তিগত জীবনে, তিনি ছিলেন অত্যন্ত আত্মবিশ্বাসী মানুষ। তবে শেষ কয়েক বছরে তিনি বার বার একটি কথাই বলতেন। গরিমার কথায়, জ়ুবিন প্রায়ই নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলতেন, যদি কখনও কোনও কিছুকে ভয় পাই, তা হলে সেটা সময়। সময়ই একমাত্র জিনিস যাকে আমি ভয় পাই। এই কথাগুলো তখন হয়তো খুব সাধারণ মনে হয়েছিল, কিন্তু আজ ফিরে তাকালে সেগুলোর মধ্যে যেন অন্য রকম অর্থ খুঁজে পান তাঁর স্ত্রী।
কেন সময়কে ভয় পেতেন জ়ুবিন, সেই প্রশ্নের উত্তর আজও স্পষ্ট নয়। গরিমা বলেন, তিনি কখনও বুঝতে পারেননি কেন গায়ক এমন কথা বলতেন। তবে তাঁর মনে হয়, হয়তো জ়ুবিন নিজের ভিতর থেকেই কোনও অদ্ভুত অনুভূতি পেয়েছিলেন। হয়তো জীবনের অনিশ্চয়তা বা ঈশ্বরের সঙ্গে এক গভীর সম্পর্কের অনুভব থেকেই এই কথা বলতেন তিনি। কখনও কখনও গরিমার মনে হয়, জ়ুবিন যেন আগেভাগেই কিছু একটা আঁচ করতে পেরেছিলেন। সেই কারণেই হয়তো সময়ের কথা এত বেশি বলতেন।
এই ভাবনার পেছনে একটি সম্ভাব্য কারণের কথাও তুলে ধরেছেন গরিমা। তাঁর মতে, জীবনের অল্প সময়ের মধ্যেই একের পর এক কাছের মানুষকে হারানোর যন্ত্রণা জ়ুবিনকে গভীর ভাবে নাড়া দিয়েছিল। খুব কম সময়ের ব্যবধানে তিনি তাঁর মা, বোন এবং সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছিলেন। প্রিয় মানুষদের এমনভাবে হারানো যে কাউকেই ভিতর থেকে বদলে দিতে পারে। সম্ভবত সেই অভিজ্ঞতাই তাঁকে সময়ের মূল্য এবং তার নির্মমতার কথা বার বার মনে করিয়ে দিত।
আরও পড়ুনঃ President Droupadi Murmu Bengal Tour:রাষ্ট্রপতি সফরেই প্রোটোকল বিতর্ক, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ! দুই শীর্ষ আধিকারিককে ডেপুটেশনে চাইলো কেন্দ্র, বাড়ছে রাজ্য-কেন্দ্র টানাপোড়েন!
উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় জ়ুবিন গার্গের। ঘটনাটি প্রথমে একটি দুর্ঘটনা বলেই মনে করা হলেও, পরে তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সম্পূর্ণ স্পষ্টতা আসেনি। ফলে ভক্তদের মনে আজও রয়ে গেছে অগণিত প্রশ্ন এবং অপূর্ণতা। তবে তাঁর গান, স্মৃতি এবং ব্যক্তিত্ব এখনও সমানভাবে বেঁচে আছে অসংখ্য অনুরাগীর হৃদয়ে।






