সেলাইয়ের বদলে ফেভিকুইক! চিকিৎসার নামে নার্সের অভাবনীয় কাণ্ড!

বিশ্বজুড়ে কতই না অদ্ভুত ঘটনা ঘটে, যার কোনওটি অবাক করে, কোনওটি বিরক্ত। চিকিৎসা ক্ষেত্রে এমন অদ্ভুত ঘটনাও কম নেই। উন্নত প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির যুগেও মাঝেমধ্যে এমন কিছু ঘটনা সামনে আসে, যা একদিকে কৌতূহলের জন্ম দেয়, আবার অন্যদিকে প্রশ্ন তোলে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার ওপর। তেমনই এক ঘটনা ঘটেছে কর্নাটকের এক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে, যেখানে চিকিৎসার নামে যা করা হয়েছে, তা শুনে হতবাক সবাই।

ঘটনাটি ঘটে কর্নাটকের হাভেরী জেলার আদুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। গত ১৪ই জানুয়ারি সাত বছরের এক শিশুর পড়ে গিয়ে থুতনিতে গভীর ক্ষত হয়। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু সেখানেই ঘটে অদ্ভুত ঘটনা। ক্ষতস্থান সেলাই না করে সেই নার্স ফেভিকুইক ব্যবহার করেন! পরিবারের আপত্তি সত্ত্বেও নিজের পদ্ধতি নিয়ে আত্মবিশ্বাসী ওই নার্স দাবি করেন, এটি তার বহুদিনের অভ্যাস। তিনি আরও জানান, সেলাই করলে আজীবন দাগ থেকে যায়, কিন্তু ফেভিকুইক ব্যবহারে তা এড়ানো সম্ভব।

শিশুর বাবা-মা এই ঘটনায় আতঙ্কিত হয়ে গোটা ঘটনাটি মোবাইলে ভিডিও করে রাখেন। তাঁরা স্থানীয় থানায় ওই নার্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল বিতর্ক। স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য দফতর এই ঘটনায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। ইতিমধ্যেই অভিযুক্ত নার্সকে বরখাস্ত করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত একটি বৈঠক ডাকেন এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রের কার্যকলাপ খতিয়ে দেখার নির্দেশ দেন।

নার্সের এমন কাণ্ড নিয়ে চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই রীতিমতো হতবাক। চিকিৎসকদের মতে, কোনও অবস্থাতেই ক্ষতস্থান বন্ধ করতে ফেভিকুইক ব্যবহার করা উচিত নয়। এটি শুধুমাত্র পেশাদার চিকিৎসা সরঞ্জাম দিয়ে করা উচিত। ওই নার্সের যুক্তি এবং তার ‘পদ্ধতি’ নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারিতে গজকেশরী যোগ ও ধনলক্ষ্মী যোগ! ৫ রাশির জাতকদের জন্য বিশেষ শুভ সময়!

শেষমেশ এই ঘটনার মোড় নিতে পারে আইনি পথে। চিকিৎসা ক্ষেত্রে এ ধরনের গাফিলতির জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। তবে এই ঘটনাটি শুধুমাত্র একজন নার্সের গাফিলতি নয়, বরং ভারতের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থার প্রতিচ্ছবি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles