ফেব্রুয়ারির প্রথম দিক থেকেই শীত যেন হারিয়ে গিয়েছিল বাংলার আকাশ থেকে। সরস্বতী পুজোর সময়েও ফিকে হয়ে গিয়েছিল শীতের ছোঁয়া। তাপমাত্রা বেড়ে হয়ে উঠেছিল স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। তবে এমন উষ্ণ পরিবেশের মাঝেই হাওয়া বদলের নতুন আভাস পাওয়া যাচ্ছে।
অবশেষে বাংলায় শীতের প্রত্যাবর্তন ঘটেছে। শুক্রবার সকাল থেকেই কলকাতায় শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে দীর্ঘ সময় পর আবার বাংলায় শীতের অনুভূতি ফিরে আসতে চলেছে। এর আগে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২২ ডিগ্রি সেলসিয়াসে। তবে এই পরিবর্তন নতুন করে শীতের স্বাদ ফিরিয়ে আনবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। তবে ১১ ফেব্রুয়ারির পর থেকে পারদ ফের বাড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গেও।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসে। শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯০ শতাংশ এবং ন্যূনতম ৪২ শতাংশের মধ্যে থাকবে। শহরের তাপমাত্রা কিছুটা উষ্ণ থাকলেও ঠান্ডার অনুভূতি তীব্র হবে।
আরও পড়ুনঃ সেলাইয়ের বদলে ফেভিকুইক! চিকিৎসার নামে নার্সের অভাবনীয় কাণ্ড!
বাংলায় শীতের এই নতুন আগমন সাময়িক বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ১১ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়বে। তবে আপাতত কয়েকদিনের শীতের স্বাদ উপভোগ করার সুযোগ থাকছে। সরস্বতী পুজোর সময় ফিকে হয়ে যাওয়া শীত এবার কিছুটা হলেও তার অভাব পূরণ করবে।





