Chatgpt: চ্যাটজিপিটিকে গালমন্দের শাস্তি? চ্যাটজিপিটির ভুল তথ্যেই ভেস্তে গেল তরুণীর ঘুরতে যাওয়ার পরিকল্পনা

ভ্রমণের আগে অনেকে ট্রাভেল এজেন্সি বা সরকারি ওয়েবসাইটে ভরসা করেন। কিন্তু এক তরুণী সরাসরি ভরসা করেছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তার উপর। ঘুরতে যাওয়ার আগে যেন কোনও ঝামেলা না হয়, তাই একে একে সব প্রশ্ন করেছিলেন চ্যাটজিপিটিকে। গন্তব্যে পৌঁছাতে ভিসা লাগবে কি না, কোনও বিশেষ অনুমতির দরকার আছে কি না—সব কিছুই জানতে চেয়েছিলেন। আর চ্যাটজিপিটিও আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিয়েছিল, ভিসার দরকার নেই।

এই উত্তরেই ভরসা করে তিনি ও তাঁর স্বামী বিমানের টিকিট বুক করে ফেলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বিপত্তি। বিমান ধরার আগে জানা গেল, ওই জায়গায় যেতে আলাদা ভিসা না লাগলেও অনলাইনে একটি বিশেষ ফর্ম পূরণ করাই বাধ্যতামূলক। আর সেই তথ্য চ্যাটজিপিটি একেবারেই জানায়নি। ফলে শেষ পর্যন্ত তারা বিমানে উঠতে পারলেন না। টিকিট কাটা, সব পরিকল্পনা—সবই ভেস্তে গেল।

ঘটনার নায়িকা মেরি কালডাস ও তাঁর স্বামী আলেজান্দ্রো সিড, যাঁরা পেশায় নেট প্রভাবক। নিজেদের ভ্রমণ অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত শেয়ার করেন তাঁরা। এই সফরের জন্যও বড়সড় পরিকল্পনা করেছিলেন। কিন্তু সবই ব্যর্থ হয়ে যায় ভুল তথ্যের কারণে।

সবচেয়ে মজার বিষয়, মেরি নিজেই পরে স্বীকার করেন, তিনি প্রায়ই চ্যাটজিপিটিকে গালমন্দ করতেন। কখনও “বোকা”, কখনও “মূর্খ” বলে অপমান করতেন। তাঁর দাবি, হয়তো সেই অপমানেরই শোধ তুলল এআই। হেসে বলেন, “আমি চ্যাটজিপিটিকে প্রচুর গাল দিয়েছি। তাই মনে হয় আমার ঘোরার প্ল্যানটাই নষ্ট করল।”

আরও পড়ুনঃ WB MBBS, BDS Admission: রাজ্যে থমকে গেল MBBS-BDS ভর্তি, অনিশ্চয়তায় হাজারো পড়ুয়া

এখন প্রশ্ন উঠেছে, এআইকে গালমন্দ করলে সত্যিই কি সে প্রতিশোধ নেয়, নাকি এটা নিছক কাকতালীয় ঘটনা? যাই হোক, এই ঘটনার পর ভ্রমণের আগে কেবলমাত্র এআই-এর উপর ভরসা করার ঝুঁকি কতটা ভয়ঙ্কর হতে পারে, তা স্পষ্ট হয়ে গেল।

RELATED Articles