পশ্চিমবঙ্গের মেডিক্যাল ও ডেন্টালের ভর্তি প্রক্রিয়া হঠাৎই বন্ধ হয়ে গেল। স্বাস্থ্য ভবনের নতুন নোটিশে জানানো হয়েছে, আইনি জটিলতার কারণে এমবিবিএস এবং বিডিএসের কাউন্সেলিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে। এর ফলে নিট উত্তীর্ণ হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ আপাতত ঝুলে রইল।
এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় তোপ দেগে লিখেছেন, উপযুক্ত কোনও কারণ না জানিয়েই রাজ্য সরকার ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিল। তাঁর অভিযোগ, এর ফলে মেডিক্যাল পড়ুয়ারা অন্ধকার ভবিষ্যতের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে প্রশ্ন তোলেন—কাউন্সেলিং শুরু হওয়ার পর হঠাৎ তা কেন বন্ধ করা হল? তাঁর মতে, সংরক্ষণের আড়ালে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা চলছে, যেখানে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে অযাচিত সুবিধা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, প্রায় দেড় সপ্তাহ আগে রাজ্যে এমবিবিএস ও বিডিএস কাউন্সেলিং শুরু হয়েছিল। শিক্ষার্থীরা ইতিমধ্যেই নিজেদের পছন্দের কলেজ বেছে নেওয়ার কাজ শেষ করেছেন। কিন্তু ভর্তি প্রক্রিয়া আটকে যাওয়ায় প্রায় ১১ হাজার পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঘেরা।
আরও পড়ুনঃ Abuse Allegation: লক-আপে সাব-ইনস্পেক্টরের হাতে গ্রেপ্তার যুবককে বেধড়ক মারধরের অভিযোগ, গুরুতর চিহ্ন দেখা যাচ্ছে ভিডিওতে!
সমস্যার মূলে রয়েছে ওবিসি সংক্রান্ত মামলা। এর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ২০১০ সালের পর যেসব জাতিগোষ্ঠী ওবিসি তালিকাভুক্ত হয়েছে, তাদের সংরক্ষণের সুবিধা দেওয়া যাবে না। শুধুমাত্র পুরনো ৬৬টি গোষ্ঠী সেই সুবিধা পাবে। বিষয়টি এখন সুপ্রিম কোর্টে ঝুলছে। আগামী ৯ সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা। তার আগে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।





