টলিউডে আবারও চর্চার কেন্দ্রে অভিনেতা জীতু কমল। ‘এরাও মানুষ’ ছবিকে ঘিরে প্রযোজক ও পরিচালক সাঁইপ্রকাশ লাহিড়ির সঙ্গে তাঁর বিবাদ নতুন মোড় নিয়েছে। প্রযোজকের অভিযোগ, নির্ধারিত শুটিংয়ের দিন থাকা সত্ত্বেও জীতু কাজ সম্পূর্ণ করেননি এবং উল্টে অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষ পর্যন্ত নির্মাতারা তাঁকে ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং বডি ডাবল ব্যবহার করে বাকি কাজ শেষ করেন। পাশাপাশি, তাঁর ডাবিংও না করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, এই অভিযোগ প্রকাশ্যে আসতেই চুপ থাকেননি জীতু। তিনি একটি ভিডিও শেয়ার করে দাবি করেন, শুটিং ফ্লোরে তাঁকে অপমান করা হয়েছে। অভিনেতার কথায়, প্রযোজকের আচরণ ছিল অসম্মানজনক এবং সেই কারণেই তিনি শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, এমন পরিস্থিতিতে শিল্পীদের জন্য সংগঠন রয়েছে এবং প্রয়োজন হলে সেখানে অভিযোগ জানানোই উচিত। তাঁর বক্তব্যে স্পষ্ট, বিষয়টি শুধুমাত্র কাজের নয়, আত্মসম্মানের প্রশ্নেও দাঁড়িয়েছে।
এই ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে ভিডিওটি ঘিরে। প্রযোজকের অভিযোগ, অনুমতি ছাড়াই গোপনে সেই ভিডিও ধারণ করা হয়েছে এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। সহ পরিচালক অমিত তালুকদারও বিস্ময় প্রকাশ করেছেন এই ঘটনায়। তাঁর দাবি, তিনি ব্যক্তিগত উদ্যোগে পরিস্থিতি সামাল দিতে চেয়েছিলেন, কিন্তু পুরো ঘটনা যে গোপনে রেকর্ড করা হচ্ছিল, তা তিনি জানতেন না। ফলে বিষয়টি এখন আরও জটিল হয়ে উঠেছে।
প্রযোজক আরও জানিয়েছেন, শুটিং চলাকালীন জীতুর অসুস্থতার সময় তাঁর চিকিৎসার খরচও বহন করা হয়েছিল। কিন্তু সুস্থ হওয়ার পর তিনি অন্য কাজ করলেও এই ছবির কাজ এগোয়নি। শুটিংয়ের জন্য বারবার সময় দেওয়া হলেও তা বজায় রাখা হয়নি বলে অভিযোগ। এমনকি নির্ধারিত দিনে আংশিক কাজ করেও পুরো শুটিং শেষ করেননি অভিনেতা। এতে প্রযোজনা সংস্থার আর্থিক ক্ষতিও হয়েছে বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ West Bengal assembly election 2026 :প্রথা ভেঙে হঠাৎ শীর্ষ আমলাদের সরানো! নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সরব মমতা— চিঠিতে তোপ, কিন্তু শেষে ‘অল দ্য বেস্ট’ কেন?
এদিকে, বিষয়টি এখন ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়েছে। দুই পক্ষই নিজেদের বক্তব্য সংগঠনের কাছে তুলে ধরতে শুরু করেছে। ফেডারেশন সভাপতি জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে উভয় পক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। টলিউডে এই ধরনের সংঘাত নতুন নয়, তবে বারবার এমন ঘটনা শিল্পের কাজের পরিবেশকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। এখন দেখার, আলোচনার টেবিলে এই দ্বন্দ্বের কোনও সমাধান হয় কি না।





