শাকসবজির দাম তো বাড়ছিলই। এখন আবার বাজারে আলু-পেঁয়াজের দামও আকাশছোঁয়া। এরই মধ্যে এবার দোসর হল ডিমের দাম। এই প্রথম কলকাতায় ডিমের দাম ছাড়াল সাত টাকা। আর এর ফলে বেশ সমস্যায় পড়েছেন মধ্যবিত্তরা।
শাকসবজির পর বেড়েছে মাছ, মাংসের দামও। ফলে প্রোটিনের জোগান পেতে বেশ বেগ পেতে হচ্ছে বাঙালিকে। আসলে রাজ্যে ডিমের আমদানি হয় তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ থেকে। কিন্তু ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে এই দুই রাজ্যের বিস্তীর্ণ এলাকাই তছনছ হয়েছে।
এর ফলে দক্ষিণ ভারত থেকে ডিম আমদানিতে পড়েছে ভাঁটা। এদিকে আবার শীতের সময় ডিমের চাহিদা বেশি থাকে। এই বড়দিনের সময়টা ছোটো বড় সব বেকারিতেই তৈরি হয় কেক। এর ফলে ডিমের চাহিদা বাড়ে। কিন্তু এই বছর ডিমের জোগান ঠিকঠাক না থাকায় বেড়েছে ডিমের দাম।
প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে ৭ টাকায়। মাঝ ডিসেম্বরেও ডিমের দাম কমছে না। গড়িয়াহাট বাজারে ডিমের দাম ৮ টাকায় পৌঁছেছে। এই দাম বৃদ্ধি নিয়ে কলকাতা এগ মার্চেন্টের সাধারণ সম্পাদক কাজল দত্ত জানান, এমন মূল্যবৃদ্ধি আগে কখনও হয়নি। এখনই ডিমের দাম কমার সম্ভাবনা নেই বলেই মনে করছেন ব্যবসায়ীরা। তার ফলে মধ্যবিত্ত গৃহস্থের ভোগান্তির যে শেষ নেই, তা বলাই যায়।






