বিয়ে করতে এসে দেখলেন পাত্রীই গায়েব, হবু বউকে খুঁজতে তড়িঘড়ি থানায় ছুটলেন পাত্র

ফোনে আলাপ হয় দু’জনের। সেই ফোনালাপ গড়ায় প্রেমে। একাধিকবার দেখা করেছেন তারা। দু’জনের সম্মতিতেই বিয়ের ঠিক হয়। কিন্তু বিয়ে করতে এসে থানায় ছুটতে হল পাত্রকে। কারণে বিয়ে করতে এসে যুবক জানতে পারলেন যে পাত্রীর কোনও খোঁজ নেই।

কী ঘটেছে ঘটনাটি?

এদি ঘটনাটি ঘটেছে নদিয়ায়। সেখানকার কালীগঞ্জের বাসিন্দা নয়ন ঘোষ। একজন স্বর্ণশিল্পী তিনি। কর্মসূত্রে থাকেন জয়পুরে। জানা গিয়েছে, কাজের সূত্রেই পরিচিত সোমনাথ ঘোষের মাধ্যমে তাঁর পরিচয় হয় পূর্ব বর্ধমানের বিউটি ভট্টাচার্যে নামে এক যুবতীর সঙ্গে। বিউটির বাড়ি বর্ধমানে।

পুলিশের কাছে অভিযোগপত্রে নয়ন জানিয়েছেন, ফোনালাপের পর তাদের মধ্যে ভালবাসার সম্পর্ক তৈরি হয়। একাধিকবার দেখা-সাক্ষাৎ করেছেন তারা। বিউটি তাঁকে জানিয়েছিলেন যে তিনি জুরানপুর ডাক বিভাগে চাকরি করেন। দু’জনে বিয়ের সিদ্ধান্ত নেন।

গতকাল, রবিবার বিয়ের দিন ঠিক হয় তাদের। ওই যুবতী নয়নকে জানিয়েছিলেন তিনি যেন কাটোয়ায় আসেন। সেই মতোই পরিবারের লোকজন ও বন্ধুবান্ধবদের নিয়ে কাটোয়ায় পৌঁছন নয়ন। কিন্তু কাটোয়া ফেরিঘাটে আসার পর থেকে আর যোগাযোগ করতে পারছিলেন না বিউটির সঙ্গে। প্রথমে কী হয়েছে বুঝে উঠতে পারেন নি যুবক। পরে তিনি কাটোয়া থানায় অভিযোগ জানান।

যুবক জানান, বিউটি তাঁকে জানিয়েছিলেন যে কাটোয়ায় তাঁর মাসির বাড়িতে তাদের বিয়ে হবে। কিন্তু কাটোয়ার ফেরিঘাটে পৌঁছনোর পর থেকে আর যোগাযোগ করতে পারছিলেন না বিউটির সঙ্গে। ফলে পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে বেশ বিড়ম্বনায় পড়ে যান নয়ন। শেষ পর্যন্ত দ্বারস্থ হন থানার।

পুলিশ নয়নের থেকে বিউটির ছবি ও ঠিকানা নিয়ে খোঁজ শুরু করেছে। বিউটির নামে অভিযোগ করলেও নয়ন যেন কোনও মতেই বিশ্বাস করতে পারছেন না যে বিউটি তাঁকে ঠকিয়েছে। বারবার প্রেমিকার ছবির দিকেই তাকিয়ে ভাবছেন হয়ত ফোন করবেন তাঁর প্রেমিকা।

RELATED Articles