‘বিগ বস বাংলা’র ঘরে সোহিনী পালকে প্রায়ই একটি ঢিলেঢালা ডেনিম জ্যাকেট গায়ে দেখা যায়। কখনও ঘুম থেকে ওঠার পর, কখনও অবসরে—বেশির ভাগ সময়ই সেই জ্যাকেটটি যেন তাঁর সঙ্গী। দর্শকের নজরে আসা এই অভ্যাসের নেপথ্যে যে এতটা আবেগ জড়িয়ে রয়েছে, তা এবার প্রকাশ্যে আনলেন সোহিনীর মা নন্দিনী পাল।
নন্দিনী সমাজমাধ্যমে তাপস পাল ও সোহিনীর বেশ কিছু পুরনো ছবি শেয়ার করে মেয়ের এই জ্যাকেটের গল্প জানান। তাঁর কথায়, জ্যাকেটটি আসলে প্রয়াত অভিনেতা তাপস পালের। ছোটবেলা থেকে বাবার এই পোশাকটির সঙ্গে সোহিনীর আলাদা টান রয়েছে। বহু বছর ধরে যেখানেই গিয়েছেন, মেয়েকে এই জ্যাকেটটি সঙ্গে রাখতে দেখেছেন নন্দিনী।
নন্দিনী জানিয়েছেন, এই জ্যাকেটের সঙ্গে জড়িয়ে রয়েছে তিন সময়ের স্মৃতি। ছোটবেলায় বাবার সঙ্গে দার্জিলিং যাওয়ার সময় সোহিনীর একটি ছবি, ২০১৫ সালে তাপস পালের সেই জ্যাকেট পরা ছবি এবং ২০২৬ সালে ‘বিগ বস বাংলা’র ঘরে একই জ্যাকেট গায়ে সোহিনীর ছবি—এই তিনটি মুহূর্ত পাশাপাশি রেখে মেয়ের আবেগের কথা তুলে ধরেছেন তিনি।
মেয়ের এই অভ্যাসের কারণ কখনও সরাসরি জানতে চাননি নন্দিনী। তবে মা হিসেবে তাঁর উপলব্ধি, সোহিনী হয়তো এখনও সেই জ্যাকেটের মধ্যে বাবার গন্ধ ও উপস্থিতি খুঁজে পান। বাবার কাছ থেকে পাওয়া নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতিটুকু যেন পোশাকটির মধ্যেই ধরে রেখেছেন তিনি। তাই এত পোশাকের মধ্যে থেকেও বারবার এই জ্যাকেটটিকেই আঁকড়ে থাকেন সোহিনী।
আরও পড়ুনঃ “শুভশ্রীর সঙ্গে কথা বলতেও ভয় লাগে আমার!” “শুভশ্রীকে জড়িয়ে ধরলেও রিল তৈরি হয়ে যায়!” ‘দেশু ৭’ নিয়ে কেউ কথা বলছে না? দেবের আক্ষেপ জুড়ে শুধু ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন! শুভশ্রী সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে ফাঁস করলেন বড় তথ্য?
বিগ বসের ঘরে সোহিনীকে সেই জ্যাকেট গায়ে দেখে দূর থেকেও মেয়েকে বাবার ভালোবাসায় আগলে রাখার অনুভূতি পান নন্দিনী। শারীরিক ভাবে তাপস পাল আজ তাঁদের মধ্যে নেই, কিন্তু তাঁর স্মৃতি যে সোহিনীর জীবনের কতটা জুড়ে রয়েছে, এই জ্যাকেটের গল্পেই তার প্রমাণ। একই সঙ্গে ‘বিগ বস বাংলা’র ঘরেও নিজের জায়গা তৈরি করে চলেছেন তাপসকন্যা।






