WB Govt: ২ হাজার তথ্য অনুপস্থিত, ৫০০ জনের দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন—নির্বাচন ঘিরে ফের চাপে রাজ্য সরকার!

নির্বাচনের আগে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আদালত পর্যন্ত গড়ানো সেই বিতর্কে স্পষ্ট বার্তা দিয়েছিল শীর্ষ আদালত। মনে করা হচ্ছিল, নির্দেশের পর পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু বাস্তবে কি তা হল? রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের টানাপোড়েন যেন আরও প্রকট হয়ে উঠল। মঙ্গলবারের সময়সীমা পেরিয়ে শুক্রবারেও রইল অনিশ্চয়তা।

সুপ্রিম কোর্টের শুনানির ঠিক ২৪ ঘণ্টা আগে রাজ্য সরকার ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারের নাম পাঠায় কমিশনের কাছে। কিন্তু কমিশনের দাবি, নাম দেওয়া হলেও তাঁদের বিস্তারিত তথ্য পৌঁছায়নি। আদালত নির্দেশ দিয়েছিল, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট ডিইও ও ইআরও-দের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করতে হবে। সেই নির্দেশ কার্যকর হয়েছে কি না, তা নিয়েই এখন প্রশ্ন। কমিশনের বক্তব্য, তালিকা হোয়াটসঅ্যাপে পাঠানো হলেও প্রয়োজনীয় নথি এখনও অসম্পূর্ণ।

কমিশন সূত্রে জানা গিয়েছে, ৮৫০৫ জনের মধ্যে প্রায় ২ হাজার অফিসারের তথ্য এখনও জমা পড়েনি। আরও বিস্ময়ের বিষয়, প্রায় ৫০০ জন ইতিমধ্যেই সহকারী নির্বাচনী আধিকারিক (এইআরও) হিসেবে কাজ করছেন। প্রশ্ন উঠছে, একজন ব্যক্তি যদি ইতিমধ্যেই এইআরও পদে থাকেন, তবে তাঁকে আবার মাইক্রোঅবজারভার হিসেবে কীভাবে নিয়োগ করা সম্ভব? প্রশাসনিক নিয়ম ও স্বচ্ছতার দিক থেকে এই বিষয়টি নিয়ে বিতর্ক বাড়ছে।

এই ইস্যুতে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপি নেতা সজল ঘোষ সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছেন। তাঁর দাবি, “এইআরও থাকা সত্ত্বেও ৫০০ জনের নাম পাঠানো হয়েছে। এতে সুপ্রিম কোর্টের সামনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।” যদিও রাজ্য সরকারের তরফে এ বিষয়ে এখনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুনঃ Bangladesh : ঢাকার ত্রয়োদশ সংসদ নির্বাচনে উত্তরাঞ্চলে দাপট বিএনপির, অন্যদিকে হার সারজিস আলমের!

শুনানির সময় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, ৪ তারিখের মধ্যে নামের তালিকা চাওয়া হলেও তা ৭ তারিখে জমা পড়েছে। আদালত বলেছিল, অযথা বিতর্ক চাই না, প্রয়োজনে মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হবে। সেই কড়া পর্যবেক্ষণের পরও কেন তথ্য সম্পূর্ণ জমা পড়ল না, তা নিয়েই এখন বড় প্রশ্ন। প্রশাসনিক দায়িত্বে গাফিলতি, নাকি যোগাযোগের ঘাটতি—উত্তর খুঁজছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সকলেই।

RELATED Articles