Bangladesh : ঢাকার ত্রয়োদশ সংসদ নির্বাচনে উত্তরাঞ্চলে দাপট বিএনপির, অন্যদিকে হার সারজিস আলমের!

বাংলাদেশের রাজনীতিতে আবারও এক উত্তেজনাপূর্ণ আবহ তৈরি হয়েছে। ভোট শেষ হতেই শুরু হয়ে গিয়েছিল গণনার দীর্ঘ অপেক্ষা, আর সেই অপেক্ষার মাঝেই একের পর এক উঠে আসছে অপ্রত্যাশিত চমক। কারও মুখে হাসি, কারও চোখে হতাশা—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ যেন এক নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা।

গতকাল বিকেল সাড়ে ৪টায় ভোটপর্ব শেষ হওয়ার পরই শুরু হয় গণনা। প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে থাকতে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-কে। সদ্যপ্রয়াত খালেদা জিয়া-র দল শুরু থেকেই বেশ কিছু কেন্দ্রে শক্ত অবস্থান নেয়। তবে উত্তরাঞ্চলের একটি আসন ঘিরে বিশেষ কৌতূহল তৈরি হয়েছিল। সেখানে লড়াই ছিল হাড্ডাহাড্ডি, আর সেই ফল ঘিরেই তৈরি হয় বড় চমক।

সারজিস আলম—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী—পঞ্চগড়-১ আসনে লড়েছিলেন জোরদার প্রচারের মধ্য দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত তিনি পরাজিত হন। ওই আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমির পেয়েছেন ১ লক্ষ ৭৪ হাজার ৪৩০ ভোট, যেখানে সারজিস আলমের ঝুলিতে যায় ১ লক্ষ ৬৬ হাজার ১২৬ ভোট। ভোটের ব্যবধান খুব বেশি না হলেও রাজনৈতিক বার্তা যথেষ্ট স্পষ্ট।

শুধু পঞ্চগড়-১ নয়, পঞ্চগড়-২ আসনেও জয় এসেছে বিএনপির ঘরে। সেখানে ফরহাদ হোসেন আজাদ পেয়েছেন ১ লক্ষ ৭৪ হাজার ৬৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. সফিউল্লাহ সুফি পেয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৮৬২ ভোট। ফলে উত্তরাঞ্চলের দুই গুরুত্বপূর্ণ আসনেই জোড়া সাফল্য পেল বিএনপি, যা সামগ্রিক ফলাফলের ইঙ্গিত আরও জোরালো করছে।

আরও পড়ুনঃ Modi congratulates tarek rahman : তারেকের জয়ের খবরে দিল্লির শুভেচ্ছাবার্তা, গণতান্ত্রিক বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ভারতের!

উল্লেখ্য, এদিন সকাল সাড়ে ৭টা থেকে দেশজুড়ে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে গণভোটও। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। মোট প্রার্থী ২,০২৯ জন—এর মধ্যে ১,৭৫৫ জন দলীয় এবং ২৭৪ জন নির্দল। মহিলা প্রার্থী রয়েছেন ৮০ জন। এত বড় পরিসরের নির্বাচনে পঞ্চগড়ের ফল যে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে, তা বলাই বাহুল্য।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles