চীনা মোবাইল সংস্থার বিরুদ্ধে বারবার উঠছে অভিযোগ। কখনও শাওমি বা কখনও ভিভো। এবার দায়িত্বজ্ঞানহীনতার চরম নিদর্শন দিল মোবাইল সংস্থা ভিভো। লোক ঠকানো বলতে পারেন। চাইনিজ এই মোবাইল সংস্থার ১৩৫৫৭ টি মোবাইল ফোন অ্যাকটিভ রয়েছে একই IMEI নম্বরে। মেরঠের এডিজি জোনে কর্তব্যরত এক পুলিশকর্মীর অভিযোগের সূত্র ধরে জানা যায়, ১৩৫৫৭ টি মোবাইলের একই International Mobile Equipment Identity.
খবর ওই পুলিশকর্মীর ভিভো সংস্থার মোবাইল ফোনটি খারাপ হয়ে গিয়েছিল। এরপর তিনি সেটি সার্ভিস সেন্টারে দিয়ে সারিয়ে নেন। কিন্তু ফোনটি আবার খারাপ হয়। এরপর তিনি মেরঠ জোন সর্ভিল্যানস টিমের কয়েকজনের সঙ্গে কথা বলেন। সেই টিমের সদস্যরা খুঁজে দেখেন ওই আই এম ই আই নম্বরে আরও অনেক মোবাইল ফোন রয়েছে। এরপর পুলিশের একটি দল তদন্তে নামে। মেরঠ পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট গত সেপ্টেম্বর থেকে তদন্ত শুরু করেছিল। এতদিনে তারা নিশ্চিত হয়েছে যে মোট ১৩ হাজারের বেশি ফোন এখনও পর্যন্ত অ্যাকটিভ রয়েছে।
ভিভো মোবাইলের এক কর্তাকে নোটিশ পাঠিয়েছে মেরঠ পুলিশের সাইবার সেল। কিন্তু সেই আধিকারিকের জবাবে সাইবার সেলের অফিসাররা মোটেও সন্তুষ্ট নন। সেপ্টেম্বর মাসে পুলিশকর্মী আসারাম তৎকালীন এডিজির কাছেও এই ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন। গত কয়েক মাস ধরেই এই ঘটনার তদন্ত করছে পুলিশ। মেরঠ পুলিশের তরফে জানানো হয়, সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের মোবাইল ব্যবহার করে অপরাধ প্রবণতা বাড়তে পারে।





