টিকটক ভিডিও বানানোর জন্য জাতীয় পতাকায় আগুন, লখনউতে ৪ নাবালকের বিরুদ্ধে দায়ের হল রাষ্ট্রদ্রোহিতার মামলা

টিকটকের বিরুদ্ধে মানুষের ক্ষোভ নতুন কিছু নয়। টিকটকে ভিডিও করার সময় বিভিন্ন ধরনের অমানবিকতার পরিচয় এর আগেও পাওয়া গিয়েছে। এইবার টিকটক ভিডিও শুট করার সময় জাতীয় পতাকা পোড়ানোর অভিযোগে ৪ নাবালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল লখনউতে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে।

লখনউ এর বাজারখালায় রবিবার রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটে। সেখানকার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অনিল কুমার যাদব জানিয়েছেন যে, তিকাইত রাই তালাবের কাছে রবিকান্ত নামে এক ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তিনি দেখেন, ছেলেগুলি জাতীয় পতাকা পোড়াচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে এই ঘটনার প্রতিবাদ করেন এবং পুলিশকে জানান।

রবিকান্তের অভিযোগের ভিত্তিতেই ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় পুলিশ মামলা দায়ের করে ওই নাবালকদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই চারজনের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিনজন নিখোঁজ। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অভিযুক্তদের সকলেই বাজারখালার বাসিন্দা বলে মনে করছে পুলিশ।

টিকটকে এরকম ঘটনা নতুন নয়। টিকটকের ভিডিও শুট করতে গিয়ে কম বয়সী ছেলে মেয়েরা প্রায়ই ভুলে যায় যে তারা কী করছে। অশ্লীল কনটেন্ট বানানো থেকে অ্যানিমেল ক্রুয়েলটি সবকিছুরই অভিযোগ উঠেছে টিকটক ব্যবহারকারীদের বিরুদ্ধে। মাঝে টিকটক বনাম ইউটিউব ঝামেলায় টিকটকের রেটিং অনেক কমে যায়। আর সম্প্রতি চীনা দ্রব্য বর্জন করার হিড়িক ওঠায় ভারতে চীনা অ্যাপ্লিকেশন টিকটকের ব্যবসা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

RELATED Articles

Leave a Comment