প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের খাতে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে ৭৫ হাজার কোটি টাকা খরচ করবে গুগল। সোমবার এই কথাই জানিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই। গুগল ফর ইন্ডিয়া কনফারেন্সে আজ এই ঘোষণা করেন তিনি। তাঁর আগে ভিডিও কনফারেন্সেও বৈঠক হয় সুন্দর-মোদীর।
এই বিপুল অর্থ প্রযুক্তির বিকাশ ও নয়া উদ্ভাবনকে উৎসাহ দেওয়ার কাজে ব্যবহার করা হবে।
এদিন কনফারেন্সে ভারতকে কেন্দ্র করে গুগলের ভবিষ্যত পরিকল্পনার কথা বলেন সু্ন্দর পিচাই। গুগল পে-র মাধ্যমে ডিজিটাল পেমেন্টকে আরও জনসাধারণের কাছে নিয়ে যাওয়া ও কম খরচে স্মার্টফোন বানাবে গুগল বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী মোদী আজ টুইট করেছেন সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠক নিয়ে। তিনি বলেন যে খুব ভালো কথা হল। কীভাবে প্রযুক্তিকে ব্যবহার করে ভারতের চাষী, ব্যবসায়ী ও তরুণ প্রজন্মের জীবন বদলে যেতে পারে, সেই নিয়ে আলোচনা হয়েছে।
কোভিডের পরিপ্রক্ষিতে কর্মসংস্কৃতিতে যে বদল এসেছে, তাই নিয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়। কীভাবে ডেটা সিকিউরিটি আগের চেয়েও গুরুত্বপূর্ণ হয়েছে, তাই নিয়েও কথা হয়। মোদী বলেন যে তিনি অত্যন্ত খুশি এটা জেনে যে গুগল শিক্ষা, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল পেমেন্ট ইত্যাদিতে অনেক কাজ করছে।
https://twitter.com/narendramodi/status/1282582190061047808
গুগল সিইও সুন্দর পিচাই নিজের বক্তব্যে জানান যে, আগামী ৫-৭ বছরে তারা ভারতে ডিজিটাইজেশনের জন্য ১০ বিলিয়ন মার্কিন ডলার লগ্নি করবেন। এটা ইক্যুটি, পার্টনারশিপ ও পরিকাঠামো উন্নয়নে কাজে লাগানো হবে। ভারত ও তার ডিজিটাল ইকনমির প্রতি গুগলের আস্থার এটা প্রতিফলন বলে জানান সুন্দর পিচাই। সমস্ত ভারতীয় যাতে নিজেদের ভাষায় সস্তায় ইন্টারনেট পান, তার জন্য গুগল চেষ্টা করবে বলে জানিয়েছেন সংস্থার সিইও।
ভারতের জন্য প্রযোজ্য পণ্য ও পরিষেবা তৈরী করা, ছোটো ব্যবসাদের হাত শক্ত করা, কষি ও স্বাস্থ্যে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স ব্যবহার করার ওপর গুগল বিশেষ জোর দেবে বলে জানান খড়গপুর আইআইটি-র এই প্রাক্তনী।





