সামনেই পুজো আর ঠিক এখনই ভারতীয় গ্রাহকদের জন্য বড় সুখবর এল। মারুতি থেকে শুরু করে মাহিন্দ্রা, হুন্ডাই নানান গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি নিজেদের গাড়িগুলির উপর দিচ্ছে দুর্দান্ত ছাড়। সমস্ত গাড়িতেই ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে নানান সংস্থা। সেই গাড়িগুলি কী কি, একবার দেখে নেওয়া যাক-
মারুতি সুজুকি
মারুতির সুজুকির গাড়িতে সর্বাধিক ৫৭,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে কর্পোরেট ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার। সবথেকে বেশি ৫৭,০০০ টাকা ছাড় রয়েছে মারুতি সুইফট এবং অল্টো K10 এ। তারপর ৫৬,০০০ টাকা ছাড় রয়েছে এস-প্রেসো এবং সেলেরিওতে। ওয়াগন আর এবং ইকো-তে ডিসকাউন্ট রয়েছে ৫১,০০০ টাকা এবং ৩৯,০০০ টাকা। অল্টো ৮০০ এবং ডিজায়ার-এ ছাড় রয়েছে ৩৫,০০০ টাকা ও ১০,০০০ টাকা।
মাহিন্দ্রা
এই তালিকায় রয়েছে ভারতের সবথেকে বড় SUV বিক্রেতা মাহিন্দ্রাও। এই সংস্থার জনপ্রিয় গাড়ি Thar-এ রয়েছে ২০,০০০ টাকা অফার। আরও একটি শক্তপোক্ত গাড়ি Bolero Neo-তে থাকছে ২২,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত অফার। সবথেকে বেশি XUV400 গাড়িতে ১.২৫ লক্ষ টাকার ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে মাহিন্দ্রা। এ ছাড়া XUV300 এবং Marazzo গাড়িতেও পাবেন ৭৩,০০০ টাকা ও ৭১,০০০ টাকা ডিসকাউন্ট।
হুন্ডাই
হুন্ডাই তাদের গাড়িতে সর্বাধিক ২ লক্ষ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেছে। ফুল চার্জে ৪৫১ কিলোমিটার ছুটতে পারে Hyundai Kona EV। এই গাড়িতেই মিলছে এই বিপুল ছাড়, তারপর Grand i10 এবং i20, i20 N Line এ ছাড় রয়েছে যথাক্রমে – ৪৩,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা। Aura এবং Alcazar গাড়ি দুটিতে ডিসকাউন্ট দেওয়া হয়েছে ৩৩,০০০ টাকা ও ২০,০০০ টাকা।
হন্ডা
হন্ডা সিটি গাড়িতে সর্বোচ্চ ৭৩,০০০ টাকা সাশ্রয় করতে পারবেন। কারণ এই চার চাকায় ক্যাশ ডিসকাউন্ট, লয়ালটি বোনাস এবং এক্সচেঞ্জ বোনাস বাবদ ৭৩,০০০ টাকার সুবিধা থাকছে। এ ছাড়া সংস্থার আরও একটি পরিচিত কম্প্যাক্ট সেডান Amaze এ পাবেন ২১,০০০ টাকা ছাড়। এর মধ্যে সবচেয়ে বড় ছাড় রয়েছে ক্যাশ ডিসকাউন্ট বাবদ ১০,০০০ টাকা।





