মাহিন্দ্রা থার! এই SUV নিয়ে মানুষের মধ্যে একটা আলাদাই উত্তেজনা কাজ করে সবসময়। এই গাড়ি নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। এবার এই গাড়িতে একটু চেঞ্জ আনতে চলেছে মাহিন্দ্রা। জ্বালানির জ্বালা থেকে মুক্তি দিতে এবার বাজারে আসছে বৈদ্যুতিক থার। ১৫ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনই হবে বড় ঘোষণা।
কী জানাচ্ছে মাহিন্দ্রা?
সূত্রের খবর, সংস্থার তরফে ইলেকট্রিক মাহিন্দ্রা থার-এর জন্য আলাদা একটি প্ল্যাটফর্ম বানানো হচ্ছে। স্বাধীনতা দিবসের দিন সেই ঘোষণাই করা হবে বলে জানা যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম Thar.e। যেখানে একটি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে একাধিক গাড়ি বানানো হয় সেখানে এই গাড়ির নামেই আস্ত একটি প্ল্যাটফর্ম বা কনসেপ্ট তৈরি করতে চলছে মাহিন্দ্রা।
Thar.e ছাড়া আরও একটি প্ল্যাটফর্ম রয়েছে মাহিন্দ্রার, যার নাম INGLO, এই প্ল্যাটফর্মের উপর ভর করে আসন্ন বৈদ্যুতিক গাড়িগুলি লঞ্চ করতে চলেছে মাহিন্দ্রা। এদিন বৈদ্যুতিক থার-এর একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে সংস্থা। পোস্টের ক্যাপশনে লেখা, “বৈদ্যুতিক অবতারে লেজেন্ডের পুনর্জন্ম। ভবিষ্যতে স্বাগত আপনাদের”।
প্রসঙ্গত, ১৫ অগাস্ট দক্ষিণ আফ্রিকাতে এক অনুষ্ঠানে গাড়িগুলি সম্পর্কে ঘোষণা করবে মাহিন্দ্রা। অনুষ্ঠানের নাম ‘Futurescape’। পোস্টের টিজার ভিডিওতে বর্তমান থার-এর মতোই টেল ল্যাম্প লক্ষ্য করা গিয়েছে। তা থেকে আবার অনেকেই মনে করছেন, গাড়ির চেহারায় বেশি কিছু পরিবর্তন না করে ইঞ্জিনে আমূল বদল ঘটাতে পারে মাহিন্দ্রা।
অর্থাৎ এতদিন পর্যন্ত যে মাহিন্দ্রা থার দেখে সকলে অভ্যস্ত, এবার তাতে বদল আসতে চলেছে। ভবিষ্যৎ প্রযুক্তির কথা মাথায় রেখে বহু সংস্থাই ব্যাটারি এবং ইলেকট্রিক মোটরের সহায় হয়েছেন। বিদেশে তো বহু নামী গাড়ির ব্যাটারি চালিত ভার্সন লঞ্চও হয়ে গেছে।





