সাম্প্রতিককালে ওয়ানপ্লাস ফোন ব্যবহারকারীদের অনেকেই বারবার একটাই সমস্যার কথা তুলে ধরছেন। তা হল তাদের ফোনের স্ক্রিনে মাঝ বরাবর একটি গ্রিন লাইন বা সবুজ রেখা দেখা যাচ্ছে। আর এই অভিযোগ মুষ্টিমেয় কিছু গ্রাহকদের নয়, অসংখ্য ওয়ানপ্লাস ফোন ব্যবহারকারীরাই এই অভিযোগ তুলছেন। সেই কারণে এবার এই সমস্যা মেটাতে এক বড় উদ্যোগ নিল সংশ্লিষ্ট সংস্থা।
সমস্যার সমাধানে কী করতে চলেছে ওয়ানপ্লাস?
ওয়ানপ্লাসের নির্দিষ্ট কোনও ফোনে এই এই গ্রিন লাইনের সমস্যা দেখা যাচ্ছে, তেমনটা নয়, তাদের অনেক ফোনেই এমন দেখা যাচ্ছে। এবার সেই কারণে কোম্পানির তরফে ওয়ানপ্লাস ৮ টি, ওয়ানপ্লাস ৮ প্রো, ওয়ানপ্লাস ৯ ও ওয়ানপ্লাস ৯ আর ফোনে ‘লাইফটাইম ওয়ারেন্টি’র অফার দিচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে, যাদের কাচে ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৯ ফোন রয়েছে, আর তাদের ফোনে যদি এই গ্রিন লাইনের সমস্যা হয়ে থাকে, তাহলে সেই সমস্ত গ্রাহকরা সারাজীবন বিনামূল্যে ফোনের স্ক্রিন সারানোর সুযোগ পাবেন এই ‘লাইফটাইম স্ক্রিন ওয়ারেন্টি’র অফারের মাধ্যমে।
কী জানাল কোম্পানি?
এই ‘লাইফটাইম স্ক্রিন ওয়ারেন্টি’র অফার সম্পর্কে ওয়ানপ্লাসের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ফোনে এই গ্রিন লাইন সমস্যার জন্য গ্রাহকদের বেশ ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। যাদের ফোনে এমন সমস্যা হচ্ছে, সেই সকল ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে সংস্থা। ওয়ানপ্লাসের তরফে এও বলা হয়েছে যাতে ব্যবহারকারীরা তাদের ক্ষতিগ্রস্ত ফোনটি নিয়ে তাদের নিকটবর্তী ওয়ানপ্লাস সার্ভিস সেন্টারে যান ও তাদের ফোনের স্ক্রিন বিনামূল্যে মেরামত বা প্রতিস্থাপন করেন।
সংস্থা সূত্রে খবর, ওয়ানপ্লাস ৮ ও ৯ ফোনগুলির জন্য একটি ব্র্যান্ড ভাউচার দেবে সংস্থা। এই ভাউচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে ন্যায্য মূল্য পাবেন আর এক্সচেঞ্জের মাধ্যমে নতুন ওয়ানপ্লাসের স্মার্টফোন কিনতে পারবেন। জানা যাচ্ছে, যারা ওয়ানপ্লাস ১০ আর ফোনটি কিনতে চাইছেন, তারা এই ভাউচারের মাধ্যমে ৪,৫০০ টাকার অতিরিক্ত ছাড় পাবেন।





