ভারতে ফিরতে চীনা সংস্থার সঙ্গে সম্পর্কে ইতি টেনে ভারতীয় গেমিং সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পথে পাবজি

টিকটকের (Tiktok) পর ভারতে নিষিদ্ধ হয়েছে জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজি‌ (PUBG)। কিন্তু ভারতের বিশাল বাজার ছাড়তে রাজি নয় সংস্থা। পরিবর্তে ছাড়তে রাজি চীনের সান্নিধ্য। আর তাই ভারত সরকার নিষিদ্ধ ঘোষণা করার পর নড়েচড়ে বসেছে পাবজি (PUBG) গেম কর্তৃপক্ষ। পাবজি কর্পোরেশন (PUBG Corporation) মঙ্গলবার ঘোষণা করল, ইতিমধ্যেই ভারতে পাবজির (PUBG) ফ্রাঞ্চাইজি টেনসেন্ট গেমের থেকে ফিরিয়ে নিয়েছে তারা। যার জেরে ভারতে পাবজি ফিরে আসার সম্ভাবনা উজ্জ্বল হল। সূত্রের খবর, চীনা সংস্থা টেনসেন্ট গেমের (Tencent Games) সঙ্গে সম্পর্কে ইতি টেনে ভারতীয় গেমিং সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পথে এই জনপ্রিয় গেমিং অ্যাপটি।

পাবজি গেমের ডেভেলপার সংস্থা হল পাবজি কর্পোরেশন। মূলত এটি দক্ষিণ কোরিয়ার (South Korea) একটি সংস্থা। কিন্তু ভারতে পাবজি মোবাইল অ্যাপটি নিয়ন্ত্রণ করত টেনসেন্ট গেমস। ভারতীয় সংস্থার সঙ্গে চুক্তি সম্পন্ন হলে ভারতে পাবজির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেওয়া হবে তাদের। আর পাবলিশিং স্বত্ত্ব থাকবে পাবজি কর্তৃপক্ষের হাতেই।

ভারতে নিষিদ্ধ হওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছিল পাবজি (PUBG)। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, শুধু ২০১৯ সালেই ভারত থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৩৬ কোটি টাকা) রোজগার করেছিল পাবজি। আপাতত ভারতীয় সংস্থার সঙ্গে চুক্তি করে বাজার ফিরে পেতে মরিয়া এই দক্ষিণ কোরিয়ার এই অত্যন্ত জনপ্রিয় গেমিং সংস্থা।

আরও অন্যান্য খবর