মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বর মাসে করোনা পরিস্থিতির মধ্যেই হতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের (Nobel Peace prize 2021) জন্য মনোনীত (Nominated) হলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! ফক্স নিউজ থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, নরওয়ে সংসদের সদস্য ক্রিশ্চিয়ান টিব্রিং-ইয়াদ্রা (Tybring-Gjedde) ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন। যার ফলে নির্বাচনের আগে অনেকটাই অক্সিজেন পেল রিপাবলিকান দল।
এই রাজনীতিবিদের মতে, সংযুক্ত আরব আমিরশাহী ও ইজরায়েলের মধ্যে শান্তি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়াও সারা বিশ্বের বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব মেটাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন ট্রাম্প। তাই নরওয়ের এই রাজনীতিবিদ বিশ্বাস করেন, অন্যান্য শান্তি পুরস্কার মনোনীতদের তুলনায় বিভিন্ন দেশের মধ্যে শান্তি স্থাপনের অনেক বেশি চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে মঙ্গলবার হোয়াইট হাউসের তরফ থেকে জানা গিয়েছে যে, আগামী ১৫ই সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহী ও ইজরায়েলের মধ্যে শান্তিচুক্তির অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।





